
সমালোচিত ইসলামী বক্তা মাওলানা তারেক মনোয়ার ও মুফতি আমির হামজাকে নিয়ে সংবাদ প্রকাশের জেরে প্রবাসী সাংবাদিক জসিম উদ্দিনকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিওজেএ)।
অভিযোগ সূত্রে জানা যায়, উক্ত সংবাদ প্রকাশের পর মাওলানা তারেক মনোয়ার ও মুফতি আমির হামজার কিছু সমর্থক ও অনুসারী সাংবাদিক জসিম উদ্দিনকে প্রকাশ্যে হত্যার হুমকি দেয়। একই সঙ্গে তাঁর এক নিকট আত্মীয়ের বাসায় ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ রয়েছে।
পরিস্থিতির অবনতি এবং নিরাপত্তাজনিত আশঙ্কার কারণে নতুন বাংলাদেশ পত্রিকার অনলাইন পোর্টাল সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
এ ঘটনায় বিওজেএ সভাপতি এম. আব্দুল্লাহ এক বিবৃতিতে বলেন,
“এই ধরনের সহিংসতা, ভীতি প্রদর্শন ও হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি সংবাদপত্রের স্বাধীনতা এবং জনগণের জানার অধিকারের ওপর সরাসরি আঘাত। সাংবাদিকদের নির্ভয়ে তাঁদের পেশাগত দায়িত্ব পালন করার পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।”
তিনি আরও বলেন, “আইনের শাসন, গণতান্ত্রিক মূল্যবোধ এবং একটি উন্মুক্ত ও সচেতন সমাজ গড়ে তুলতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা অপরিহার্য।”
বিওজেএ অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার পাশাপাশি সাংবাদিক জসিম উদ্দিন ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছে।