নিউইয়র্কে প্রবাসী নেতাদের সঙ্গে সেলিম রেজার সৌজন্য সাক্ষাৎ

ডেস্ক রিপোর্ট
  ১৮ জানুয়ারি ২০২৬, ১৪:৫৫

নিউইয়র্ক সফররত যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি নেতা ও চুনারুঘাট ডেভেলপমেন্ট সোসাইটি ইউকের সভাপতি সেলিম রেজার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় নিউইয়র্কের ব্রঙ্কসের স্টারলিং বাংলা বাজার এলাকার নিউ ফাইভ স্টার রেস্টুরেন্টে এ সৌজন্য মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট কমিউনিটি নেতা, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সাবেক উপদেষ্টা ও ব্রঙ্কস আওয়ামী লীগের সভাপতি, এমসি কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মুহিত; বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের প্রচার সম্পাদক ও নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শেখ শফিকুর রহমান; চুনারুঘাট অ্যাসোসিয়েশন অব ইউএসএ ইনকের সদস্য এবং হবিগঞ্জ বৃন্দাবন কলেজ ছাত্রলীগের সাবেক সমাজকল্যাণ সম্পাদক আহাদ তালুকদার বাবুলসহ আরও অনেকে।
দীর্ঘদিন পর প্রিয় বন্ধু ও সহযোদ্ধার সঙ্গে সাক্ষাতে উপস্থিত নেতারা প্রবাসজীবনের নানা অভিজ্ঞতা, সামাজিক সংগঠন পরিচালনা ও দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে খোলামেলা আলোচনা করেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে চা আড্ডার মধ্য দিয়ে কিছু সময় কাটান তারা।
চুনারুঘাট উপজেলার বাসিন্দা সেলিম রেজা বর্তমানে যুক্তরাজ্যের লন্ডনের ক্যামডেন এলাকায় বসবাস করছেন। তিনি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক পরিবেশবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রবাসে অবস্থান করলেও নিজ উপজেলার উন্নয়নে নানা সামাজিক ও মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তিনি চুনারুঘাট ডেভেলপমেন্ট সোসাইটি ইউকের মাধ্যমে।
স্বজন ও এলাকাবাসীর সঙ্গে দেখা করতে সংক্ষিপ্ত সফরে তিনি নিউইয়র্ক ও মিশিগান সফরে আসেন। এ সময় তিনি মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি অব ইউএসএ ইনকের সভাপতি সোহান আহমেদ টুটুল, বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান বসিরসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতাদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন।