যুক্তরাষ্ট্রে বয়স্ক নাগরিকদের সুখবর

ডেস্ক রিপোর্ট
  ১৮ জানুয়ারি ২০২৬, ১৪:৪৯

যুক্তরাষ্ট্রের সিনিয়র বা বয়স্ক লোকজনের জন্য কিছুটা স্বস্তির খবর এসেছে নতুন ফেডারেল ট্যাক্স সুবিধার মাধ্যমে। ৬৫ বছর বা তার বেশি বয়সী করদাতাদের জন্য নতুন করে ৬,০০০ ডলারের একটি ট্যাক্স ডিডাকশন চালু করা হয়েছে, যা ২০২৫ সালের ট্যাক্স মৌসুম থেকে কার্যকর হবে।
এই নতুন ডিডাকশনের ফলে বহু সিনিয়র নাগরিকের ট্যাক্স রিফান্ড গড়ে প্রায় ৬৭০ ডলার পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে সিনিয়র অ্যাডভোকেসি সংগঠন এএআরপি। যারা ২২ শতাংশ ট্যাক্স ব্র্যাকেটে পড়েন, অর্থাৎ যাদের আয় প্রায় ৪৪ হাজার থেকে ৭৫ হাজার ডলারের মধ্যে, তারা ব্যক্তি প্রতি সর্বোচ্চ ১,৩২০ ডলার পর্যন্ত সাশ্রয় পেতে পারেন।
এএআরপি বলছে, ওষুধ, খাবার, ভাড়া ও দৈনন্দিন খরচ বেড়ে যাওয়ায় অনেক সিনিয়র—বিশেষ করে ইমিগ্র্যান্ট ও স্বল্প আয়ের মানুষ—চরম আর্থিক চাপে আছেন। অনেক সিনিয়র এখনো অবসর নেওয়ার বয়স পেরিয়ে গেলেও কাজ করতে বাধ্য হচ্ছেন।
এই ডিডাকশনটি ২০২৮ সাল পর্যন্ত বহাল থাকবে, অর্থাৎ টানা চার বছর সিনিয়র নাগরিকরা এই সুবিধা পাবেন। হোয়াইট হাউস কাউন্সিল অব ইকোনমিক অ্যাডভাইজার্সের ২০২৫ সালের বিশ্লেষণ অনুযায়ী, এটি সিনিয়রদের জন্য তাৎক্ষণিক আর্থিক স্বস্তি আনবে।
আইআরএস-এর তথ্য অনুযায়ী, যেসব ব্যক্তি ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে ৬৫ বছরে পা দেবেন, তারা এই ডিডাকশনের জন্য যোগ্য হবেন। যোগ্য প্রতিটি ব্যক্তি পাবেন ৬,০০০ ডলার এবং স্বামী-স্ত্রী উভয়ই যোগ্য হলে মোট ১২,০০০ ডলার পর্যন্ত ডিডাকশন পাওয়া যাবে।
তবে আয়ের একটি সীমা রয়েছে। একক ফাইলারদের ক্ষেত্রে বার্ষিক আয় ৭৫,০০০ ডলারের নিচে হলে পূর্ণ ডিডাকশন পাওয়া যাবে। দম্পতিদের ক্ষেত্রে এই সীমা ১,৭৫,০০০ ডলার। এই সীমা অতিক্রম করলে ধীরে ধীরে ডিডাকশনের পরিমাণ কমে যাবে এবং নির্দিষ্ট আয়ের ওপরে গেলে এটি পুরোপুরি বন্ধ হয়ে যাবে।
এই সুবিধা নিতে হলে কাজের অনুমোদনপ্রাপ্ত সোশ্যাল সিকিউরিটি নম্বর থাকতে হবে। উল্লেখযোগ্য বিষয় হলো, যারা স্ট্যান্ডার্ড ডিডাকশন নেন, তারাও এই অতিরিক্ত সুবিধা পাবেন।
বর্তমানে বিদ্যমান ২,০০০ ডলারের সিনিয়র ডিডাকশনের সঙ্গে এটি যোগ হলে, একজন একক সিনিয়র ফাইলার মোট ২৩,৭৫০ ডলার পর্যন্ত আয় ট্যাক্সমুক্ত রাখতে পারবেন। দম্পতিদের ক্ষেত্রে এই অঙ্ক প্রায় ৪৬,৭০০ ডলার পর্যন্ত পৌঁছাতে পারে।
তবে এই ডিডাকশন সরাসরি সোশ্যাল সিকিউরিটি আয়ের ওপর কর বাতিল করে না। বরং এটি মোট করযোগ্য আয় কমিয়ে দেয়, ফলে অনেক সিনিয়রের হাতে বছর শেষে অতিরিক্ত অর্থ থেকে যায়।
এএআরপি আশঙ্কা প্রকাশ করেছে, ভাষাগত ও তথ্যগত সীমাবদ্ধতার কারণে অনেক ইমিগ্র্যান্ট সিনিয়র এই গুরুত্বপূর্ণ ট্যাক্স সুবিধার খবর জানতে নাও পারেন। বিশেষজ্ঞরা বলছেন, সিনিয়রদের উচিত সময়মতো ট্যাক্স প্রস্তুতকারক বা কমিউনিটি সহায়তা কেন্দ্রের মাধ্যমে এই নতুন ডিডাকশন সম্পর্কে জেনে নেওয়া, যাতে তারা তাদের প্রাপ্য সুবিধা পুরোপুরি পান।