জামায়াত একটি গুপ্ত বাহিনী

বিদ্যুৎমন্ত্রী টুকু
ডেস্ক রিপোর্ট
  ২৬ সেপ্টেম্বর ২০২৬, ২৩:৫৯


বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, জামায়াত একটি গুপ্ত বাহিনী। তারা কেউ ছাত্রলীগের সভাপতি, কেউ যুবলীগ আবার কেউ আওয়ামী লীগে ছিল। কিন্তু জুলাই আন্দোলনে সরকার পতনের পর সবাই বিপ্লবী হয়ে গেছে। তারা যে বিএনপির মধ্যেও নেই, সেটারও কোনো গ্যারান্টি নেই।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে সিরাজগঞ্জ শহরের ইসলামিয়া সরকারি কলেজ মাঠে জেলা বিএনপি ও সম্মেলন প্রস্তুত কমিটির উদ্যোগে দেশব্যাপী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
ইকবাল হাসান মাহমুদ বলেন, দলটির আমির ডা. শফিকুর রহমান কিছুদিন আগে সিরাজগঞ্জে এসেছিলেন। তিনি এসে নাকি এক আঙুল দেখিয়েছেন। কিন্তু এই এক আঙুল দিয়ে কিছু হয় না। হাত দিয়ে কাজ করতে হলে পাঁচ আঙুল লাগবে। অবশ্য সিরাজগঞ্জে এসে এক আঙুলই দেখবে, কারণ এক আঙুলের বেশি সিরাজগঞ্জে তার ভোট নেই।
আওয়ামী লীগের নেত্রী ও তার নেতাকর্মীরা লেজ গুটিয়ে ভারতে বসে আছে জানিয়ে তিনি বলেন, সেখানে বসে ফেসবুকের মাধ্যমে হুংকার দিচ্ছে। কোথায় আছে তাও দেখা যায় না কিন্তু হুংকার দিচ্ছে তারেক রহমানের সরকারকে পতন করাবে। আমরা এই দেশে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে দায়িত্বভার গ্রহণ করেছি। জনগণ যে কয়দিনের জন্য নির্বাচিত করেছে, সেই কয়দিন জনগণকে সঙ্গে নিয়ে দায়িত্ব পালন করবো। এসব হুমকি-ধামকি দিয়ে কিছু হবে না।
বিদ্যুৎমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনা ভারতে বসে হুংকার দেয় টুপ করে ডুকে পড়বো। এখন বলছে ডিসেম্বরে আসব। তিনি সিরাজগঞ্জের আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ্য করে বলেন, বহু অত্যাচার করেছেন, আমি টুকু বাংলাদেশের মন্ত্রী। সরকারি ক্ষমতার অপব্যবহার করি না। অপব্যবহার করতে জানিও না। অপব্যবহার করতে শিখিও নাই। এটা আমাদের রাজনীতি। কিন্তু আপনারা যদি ভেস্কি দেন, আপনারা যদি আমাকে আঘাত করেন। সেটা মেনে নেব না। দেশের আইনে তার বিচার হবে। 
জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদের সভাপতিত্বে দলটির রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম আলীম, সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিম রেজা, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক, সিরাজগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য এম আকবর আলীসহ জেলা ও উপজেলা বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।