সাবেক এমপি আজিজুল হককে পুলিশে দিল ছাত্রদলের নেতা-কর্মীরা

ডেস্ক রিপোর্ট
  ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য খন্দকার মো. আজিজুল হক আরজুকে আটক করে পুলিশের কাছে তুলে দিয়েছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। সোমবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর লালমাটিয়া থেকে তাকে আটক করা হয়। পরে পুলিশ তাকে গ্রেপ্তার দেখায়।
পুলিশ জানিয়েছে, স্থানীয় ছাত্রদল নেতাদের সহায়তায় তাকে আটক করা হয়েছে। তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, ধানমন্ডি ২৭ নম্বরের মীনা বাজারের কফি হাউসে কয়েকজন নেতাকর্মীকে নিয়ে বৈঠক করছিলেন আজিজুল হক আরজু। স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা বিষয়টি জানতে পেরে সেখানে যান। তাদের সঙ্গে আরজু ও তার সঙ্গে থাকা ব্যক্তিদের বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতি হয়।
একপর্যায়ে অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও স্বাস্থ্যগত কারণে আরজু পালাতে পারেননি। পরে পুলিশ খবর পেয়ে তাকে আটক করে।
মোহাম্মদপুর থানা-পুলিশের তথ্য অনুযায়ী, লালমাটিয়ার মীনা বাজারের সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় ধস্তাধস্তিতে তিনি সামান্য আঘাত পান। তবে স্থানীয় সূত্রের ভাষ্য, তাকে আটকে মারধর করার পর পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, স্থানীয় ছাত্রদলের নেতা-কর্মীদের সহযোগিতায় আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্যকে আটক করা হয়েছে। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলার বিষয়ে যাচাই-বাছাই ও তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরজু হৃদ্‌রোগে আক্রান্ত বলে জানিয়েছে পুলিশ। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, আটকের পর তার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে পুলিশি প্রহরায় পরিবারের সদস্যদের সঙ্গে তাকে চিকিৎসকের কাছে পাঠানো হয়। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
৬৯ বছর বয়সী আজিজুল হক আরজু পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য। ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তিনি ওই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার স্থায়ী বাড়ি পাবনার আমিনপুর থানার নাটিয়াবাড়ী এলাকায়।