‘বিচারে দেখা যাবে আ. লীগ নিষিদ্ধ হবে কিনা’

ডা. জাহেদ উর রহমান
ডেস্ক রিপোর্ট
  ০৭ জুলাই ২০২৬, ২৩:১৭

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, নির্বাহী আদেশে এখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে। গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য ট্রাইব্যুনালে এ দলটির বিচার হবে। বিচার শেষে আদালতই রায় দেবে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসাবে এ দেশে থাকবে কি না।
মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ডের তথ্য তুলে ধরতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা এসব কথা বলেন। এ সময় তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয়নি, তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ আছে। একটু অপেক্ষা করুন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আমাদের আইসিটি থেকে জানানো হয়েছে, তদন্ত চলছে। সেই সময়টা পর্যন্ত অপেক্ষা করলেই হবে। বিচারে দেখা যাবে তাদেরকে নিষিদ্ধ করা হবে কিনা। আবারও বলছি, এটা আদালতের এখতিয়ার। বিচারক সব পক্ষের কথা শুনেই সিদ্ধান্ত নেবেন।
তথ্য উপদেষ্টা বলেন, জুলাই জাদুঘর আগামী ৫ আগস্টের আগে উদ্বোধন করা হবে। এই সরকার জুলাইয়ের সরকার। কাজেই জুলাই গণঅভ্যুত্থান ও জুলাই যোদ্ধাদের নিয়ে কটূক্তি কোনোভাবেই কাম্য নয়।
খাদ্য মজুত প্রসঙ্গে তিনি বলেন, সরকারের লক্ষ্যমাত্রার চেয়ে বর্তমানে ৯ লাখ মেট্রিক টন বেশি খাদ্য মজুত আছে।
তথ্য উপদেষ্টা বলেন, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রোডম্যাপ করা হয়েছে, এতে আগস্ট মাসের দ্বিতীয়ার্ধে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।