
নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং ব্যবস্থা প্রত্যাহারের দাবিতে কাউন্সিলম্যান শেখর কৃষ্ণনের কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার (৫ জুন) বিকেলে অনুষ্ঠিত এ বিক্ষোভে অংশ নেন এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ সময় তারা ব্যানার ও পোস্টার হাতে নিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং কমার্শিয়াল পার্কিং ব্যবস্থা বাতিলের দাবি জানান।
বিক্ষোভকারীদের অভিযোগ, পার্কিংয়ের জন্য নির্ধারিত স্থানে দীর্ঘ আকারের বাণিজ্যিক যানবাহন ও পণ্যবাহী ট্রাকের লোডিং-আনলোডিং কার্যক্রম পরিচালিত হওয়ায় সাধারণ যানবাহনের জন্য পার্কিংয়ের জায়গা সংকুচিত হয়ে পড়েছে। ফলে স্থানীয় বাসিন্দারা গাড়ি পার্ক করতে গিয়ে নিয়মিত ভোগান্তির শিকার হচ্ছেন।
তাদের দাবি, জ্যাকসন হাইটসের মতো ঘনবসতিপূর্ণ এলাকায় এমন ব্যবস্থা সাধারণ মানুষের দুর্ভোগ বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে সন্ধ্যা ও ব্যস্ত সময়ে পার্কিং সংকট আরও তীব্র হয়ে ওঠে।
বিক্ষোভকারীরা আরও বলেন, জ্যাকসন হাইটসে বিপুলসংখ্যক বাংলাদেশিসহ দক্ষিণ এশীয় অভিবাসীদের বসবাস। তাই এলাকার বাসিন্দাদের স্বার্থ ও প্রয়োজনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।
সমাবেশ থেকে তারা দ্রুত এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে কমার্শিয়াল পার্কিং ব্যবস্থা প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।