
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ঢাকাগামী একটি মালবাহী কন্টেইনার ট্রেনে অভিযান চালিয়ে বস্তাভর্তি গাঁজাসহ ট্রেনের চালককে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার (২৫ জুন) রাতে ব্রাহ্মণবাড়িয়ায় র্যাবের একটি দল এ অভিযান পরিচালনা করে।
র্যাব জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মালবাহী কন্টেইনার ট্রেন রাত সাড়ে ১১টার দিকে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে যাত্রাবিরতি করে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ট্রেনটির ইঞ্জিনে তল্লাশি চালায় র্যাবের একটি দল। তল্লাশির একপর্যায়ে ইঞ্জিনের ভেতর থেকে গাঁজাভর্তি একটি বস্তা উদ্ধার করা হয়। এ ঘটনায় ট্রেনের চালক মো. শাহজাহান মিয়াকে আটক করা হয়।
র্যাবের কোম্পানি কমান্ডার নূর নবী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বস্তাভর্তি গাঁজা উদ্ধার করা হয়েছে। মাদক চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ট্রেনের চালককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। উদ্ধার করা মাদক ও আটক ব্যক্তিকে আখাউড়া রেলওয়ে থানায় হস্তান্তর করা হবে।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ট্রেনচালক মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা শনাক্তে তদন্ত চলছে।
আখাউড়া রেলওয়ে থানার ওসি আব্দুল কুদ্দুস বলেন, র্যাব মামলা দায়ের করলে মাদকসহ আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।