শরীয়তপুরে বিএনপির কার্যালয় ভাঙচুর, জামালপুরে চিঠিতে সেচ্ছাসেবক দলের নেতাকে হত্যার হুমকি

ডেস্ক রিপোর্ট
  ২৩ জুন ২০২৬, ১৩:২৭

শরীয়তপুরের গোসাইরহাটে বিএনপির একটি স্থানীয় কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৩ জুন) সকালে গোসাইরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কেএম সিদ্দিক আহম্মেদ ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গতকাল সোমবার মধ্যরাতে উপজেলার নলমুড়ি ইউনিয়নের হাটুরিয়া বাজারে অবস্থিত বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে।
স্থানীয়, দলীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে নলমুড়ি ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আজের্ন্টিনা ও অস্ট্রিয়ার ফুটবল খেলা দেখেন স্থানীয় লোকজন ও দলীয় নেতাকর্মীরা। এরপর খেলা শেষে তারা চলে গেলে ক্লাবের কক্ষে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায় দুষ্কৃতিকারীরা। এ সময় তারা নেতাকর্মীদের ব্যানার ফেস্টুন কার্যালয়ের বাইরে ফেলে দেয়। বিষয়টি টের পেলে বাজারের পাহারাদাররা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তারা পানি দিয়ে আগুন নেভায়। বিষয়টি নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে উপজেলা নেতাকর্মী ও পুলিশকে জানায়। তবে আগুনে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পুরাতন চেয়ার ও ফ্যাস্টুনের কিছু অংশে পুড়ে গেছে। 
এ ব্যাপারে উপজেলা বিএনপির আহ্বায়ক কেএম সিদ্দিক আহম্মেদ বলেন, আমি কিছুক্ষণ আগে স্থানীয় নেতাকর্মীদের মাধ্যমে খবর পেয়েছি। নলমুড়ি ইউনিয়ন বিএনপির কার্যালয়ে কে বা কারা অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছে। আমরা ধারণা করছি আমাদের বিরোধী দলের লোকজন এটি ঘটাতে পারে। আমরা এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছি। দল থেকে একটি সাধারণ ডায়েরি করা হবে। 
বিষয়টি নিয়ে গোসাইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বলেন, নলমুড়ি ইউনিয়ন বিএনপি স্থানীয় একটি কার্যালয়ে অগ্নিসংযোগ করার খবর পেয়েছি। আমরা এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। বিষয়টি খতিয়ে দেখছি।
জামালপুরে চিঠিতে সেচ্ছাসেবক দলের নেতাকে হত্যার হুমকি
জামালপুরের ইসলামপুরে মুজিব শতবর্ষের লোগো সংবলিত একটি খামে ডাকযোগে পাঠানো উড়ো চিঠিতে স্থানীয় এক স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যার হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সোমবার (২২ জুন) বিকেলে উপজেলার চিনাডুলী ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সবুজ চিঠিটি পান।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুজিব শতবর্ষের লোগো সংবলিত খামের ওপর প্রাপকের ঠিকানায় মোহাম্মদ সবুজ ও তার বাবা জাহাঙ্গীর আলমের নাম উল্লেখ রয়েছে। খামের ভেতরে থাকা হলুদ রঙের একটি কাগজে হাতে লেখা চিঠিতে অশালীন ভাষা ব্যবহার করে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। উড়ো চিঠিতে তাকে প্রকাশ্যে গাছের সঙ্গে ঝুলিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। চিঠিতে প্রেরকের কোনো নাম-পরিচয় উল্লেখ করা হয়নি।
চিনাডুলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সবুজ বলেন, চিঠিটা যখন এসেছে আমি তখন বাড়িতে ছিলাম না। পরে জানতে পারি, আবু তালেব নামে একজন ব্যক্তি আমাদের বাড়ির সামনে এসে চিঠিটি রেখে যান। পরে আমি ডাকঘরে খোঁজ নিয়েছি। তারা বলেছে, চিঠিটি ইসলামপুর উপজেলা ডাকঘর হয়ে এসেছে।
তিনি আরও বলেন, আমার ব্যক্তিগত বা রাজনৈতিকভাবে কারও সাথে এমন কোনো বিরোধ নেই, যার কারণে এ ধরনের হুমকি আসতে পারে। কে বা কারা এর পেছনে রয়েছে, কেন এমনটা করেছে তা বুঝতে পারছি না। চিঠিটি পাওয়ার পর পরিবারের সদস্যরা আতঙ্কিত পড়েছি এখনো থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি। তবে পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাবছি।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ঘটনাটি আমার জানা নেই। এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।