
সিলেট ছেড়ে গেছেন আলোচিত জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। মঙ্গলবার বিকালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন। তার নির্ধারিত ফ্লাইট ছিল বেলা ২টা ২০ মিনিটে, তবে সেটি বিকাল ৩টায় ছেড়ে যায়।
সারওয়ার আলমের সঙ্গে তার স্ত্রী সানজিদা সারমিন এবং দুই শিশুকন্যা আদিফা সারওয়ার ও আরিবা সারওয়ার ছিলেন।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকী সাহা এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ফ্লাইট বিলম্বিত হওয়ায় তিনি এয়ারপোর্টের কনফারেন্স রুমে দুপুরের খাবার গ্রহণ করেন এবং এরপর ইউএস-বাংলার ফ্লাইটে (বিএস-৫৩৬) ঢাকায় চলে যান।
যাওয়ার আগে ফেসবুক স্ট্যাটাসে তিনি সিলেটবাসীকে বিদায় জানিয়ে লেখেন- ‘বিদায় সিলেট। ভালো থাকুন সিলেটবাসী। আপনাদের ভালোবাসায় আমি ধন্য।’
সারওয়ার আলম সিলেটে জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করার সময় বেশ প্রশংসিত হয়েছিলেন। বিশেষ করে সাদাপাথর লুট বন্ধ এবং হকার উচ্ছেদ ও ব্যাটারিচালিত রিকশা বন্ধে পুলিশ প্রশাসনের সঙ্গে তার ভূমিকা সবার নজর কেড়েছিল।
তবে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার পরিচালনায় তার হস্তক্ষেপ নিয়ে বিতর্ক তৈরি হয়। দানের ডেক সিলগালা করে দানবাক্স বসানোর সিদ্ধান্ত এক অংশের কাছে প্রশংসিত হলেও অন্য একটি অংশ এর সমালোচনা করে। এ সিদ্ধান্তের তিন দিনের মাথায় তাকে সিলেট থেকে প্রত্যাহার করা হয়।