সাংবাদিকদের প্রতি যে আহ্বান জানালেন এলজিআরডি প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
  ২০ জুন ২০২৬, ০০:০৮


জাতীয় একটি দৈনিকের প্রকাশক-সম্পাদকসহ ছয় সাংবাদিকের বিরুদ্ধে মামলা ও ভারপ্রাপ্ত সম্পাদক গ্রেফতারের ঘটনায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম শান্তিপূর্ণ সমাধানের আহবান জানিয়েছেন। শুক্রবার রাতে প্রতিমন্ত্রীর প্রেস সেক্রেটারি আতিকুর রহমান স্বাক্ষরিত বিবৃতিতে এ তথ্য পাওয়া যায়।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপিকে নিয়ে বিভিন্ন ধরনের অপতথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে প্রচারিত হচ্ছে। এর প্রেক্ষিতে সবার প্রতি বিনীত অনুরোধ, প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে বা তার পক্ষে কেউ যেন ব্যক্তিগত উদ্যোগে কোনো মামলা, বিবৃতি বা অন্য কোনো পদক্ষেপ গ্রহণ না করেন। এ ধরনের বিষয়ে প্রতিমন্ত্রীর কোনো অনুমোদন বা নির্দেশনা নেই।
সম্প্রতি দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রকাশক-সম্পাদকসহ ছয় সাংবাদিককে নিয়ে উদ্ভুত ঘটনায় প্রতিমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন। তিনি আশা করেন, সংশ্লিষ্ট সকল পক্ষ পারস্পরিক আলোচনা ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টির শান্তিপূর্ণ সমাধানে পৌঁছাবেন এবং গ্রেফতার সাংবাদিক দ্রুত মুক্তি পাবেন। একই সঙ্গে, যেহেতু মামলার বাদীও একজন সাংবাদিক ও বগুড়া প্রেসসক্লাবের নির্বাচিত কোষাধ্যক্ষ। তাই এ ঘটনাকে কেন্দ্র করে মহান পেশা সাংবাদিকতায় কর্মরত সাংবাদিক সমাজের দু’পক্ষের মধ্যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি বা উত্তেজনা সৃষ্টি না হয়। সেদিকে সবাইকে সংযম ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার আহ্বান জানান তিনি।  
পাশাপাশি প্রতিমন্ত্রী তার সম্পর্কে প্রচারিত বিভিন্ন অপতথ্য নিরপেক্ষভাবে যাচাই করে সংবাদ প্রকাশের জন্য সম্মানিত সাংবাদিকদের প্রতি আন্তরিক অনুরোধ জানিয়েছেন।