
কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে দুটি ট্রলারসহ সাতজন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।
সোমবার (১৫ জুন) সকালের দিকে শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদীর মোহনা এলাকা থেকে তাদের আটক করে নিয়ে যাওয়া হয়। আটক জেলেরা হলেন- টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ এলাকার বাসিন্দা মো. ফয়সাল, সৈয়দুর রহমান, সৈয়দ আলম, মো. হেলাল, মো. জলিল, আজম উল্লাহ এবং মোহাম্মদ ফয়সাল আহমেদ।
স্থানীয় জেলে সুলতান আহমদ জানান, সোমবার সকালে শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদীর মোহনায় জেলেরা মাছ ধরছিলেন। এ সময় রাখাইন সীমান্ত এলাকা থেকে আরাকান আর্মির সদস্যরা এসে দুটি ট্রলারসহ সাতজন জেলেকে আটক করে নিয়ে যায়। তারা সবাই বাংলাদেশের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ এলাকার বাসিন্দা।
তিনি আরও জানান, জেলেরা প্রতিদিনই নাফ নদীর ওই এলাকায় মাছ শিকার করেন। নদীতে সুনির্দিষ্টভাবে বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্ত চিহ্নিত করা কঠিন হওয়ায় অনেক সময় জেলেরা ভুলবশত মিয়ানমার সীমান্তের দিকে চলে যান। এ সুযোগে আরাকান আর্মির সদস্যরা বিভিন্ন সময় জেলেদের ধাওয়া করে আটক করে নিয়ে যায়।
স্থানীয় বাসিন্দা আলী আহমদ জানান, নাফ নদী ও সাগরে মাছ শিকার এখন জেলেদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সব সময়ই আরাকান আর্মির আতঙ্ক কাজ করে। সুযোগ পেলেই তারা স্পিডবোটে এসে অস্ত্রের মুখে জেলেদের আটক করে নিয়ে যায়। এতে জেলেরা চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে জীবন-জীবিকা নির্বাহ করছেন।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম অনীক চৌধুরী জানান, শাহপরীর দ্বীপ এলাকার সাতজন জেলেকে আরাকান আর্মি আটক করেছে বলে তিনি জানতে পেরেছেন। বিষয়টি নিয়ে বিজিবির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পরবর্তী সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।