
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় আধিপত্য বিস্তার ও স্থানীয় ড্রেজার ব্যবসাকে কেন্দ্র করে মাকসুর রহমান জুয়েল (৪৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলার মদনগঞ্জের শান্তিনগর এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে এ ঘটনা ঘটে।
নিহত মাকসুর রহমান জুয়েল ওই এলাকার মৃত তাজুল ইসলামের ছেলে এবং স্থানীয়ভাবে ড্রেজার ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন দুপুরে জুয়েলকে তার বন্ধু শ্যামলের মাধ্যমে মোবাইল ফোনে ডেকে নেওয়া হয় শান্তিনগর এলাকায় শীতলক্ষ্যা নদীর পাড়ে। নির্ধারিত স্থানে পৌঁছানোর পর আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
নিহতের পরিবারের অভিযোগ, এলাকায় ড্রেজার ব্যবসার নিয়ন্ত্রণ ও মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে কয়েকজনের সঙ্গে জুয়েলের বিরোধ চলছিল।
নিহতের ভাই সোহেল বলেন, টিটু, আল আমিন, ডিশ দুলাল ও পলাশের সঙ্গে ব্যবসা ও আধিপত্য নিয়ে বিরোধ ছিল। মাদক ব্যবসায় বাধা দেওয়ার কারণেই পরিকল্পিতভাবে ডেকে এনে তাকে হত্যা করা হয়েছে।
এ বিষয়ে বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।