
অন্তর্বর্তী সরকারের সময়ে নিয়োগপ্রাপ্ত সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আবুল হাসানকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে একজন বিচারপ্রার্থীর কাছ থেকে ৩ কোটি ২০ লাখ টাকা ঘুস নেওয়ার অভিযোগ রয়েছে বলে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
রাজধানীর মোহাম্মদপুরের বাসিন্দা মো. সারোয়ার খালেদ অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে ঘুস নেওয়ার অভিযোগ করেন। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার (৬ এপ্রিল) তার নিয়োগ বাতিল করা হয়েছে।
রুহুল কুদ্দুস কাজল বলেন, আমি দায়িত্ব গ্রহণের দ্বিতীয় দিনে এ অভিযোগের বিষয়টি আমাকে অবহিত করা হয়। অভিযোগের গুরুত্ব বিবেচনায় আমি সংশ্লিষ্ট সহকারী অ্যাটর্নি জেনারেলের সঙ্গে কথা বলি। অভিযোগের বিষয়ে তার জবাব আমার কাছে সন্তোষজনক প্রতীয়মান হয়নি।
আবুল হাসানের বিরুদ্ধে বিচারপ্রার্থী সারোয়ার খালেদ ৩ কোটি ২০ লাখ টাকা ঘুস নেওয়ার অভিযোগ করেছেন। একটি মামলায় স্থগিতাদেশ রয়েছে, সেই স্থগিতাদেশ প্রত্যাহার করে দেবেন, এমন আশ্বাসে ৩ কোটি ২০ লাখ টাকা গ্রহণ করেন বলে অভিযোগকারী (বিচারপ্রার্থী) জানিয়েছেন।
দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে গত ২৫ মার্চ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. রুহুল কুদ্দুস কাজলকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। ২৯ মার্চ তিনি দায়িত্ব গ্রহণ করেন।দায়িত্ব গ্রহণের পর ওই অভিযোগের বিষয়টি ৩১ মার্চ তার দৃষ্টিগোচর করা হয় বলে জানান অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস। তিনি বলেন, এর আগে অভিযোগটি অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দাখিল হয়েছিল।