
এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল পরিশোধের পর বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে। এখন রিজার্ভ আছে ৩৪ দশমিক ১০ বিলিয়ন মার্কিন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী, এই রিজার্ভের পরিমাণ ২৯ দশমিক ৩৮ বিলিয়ন ডলার।
রোববার (৮ মার্চ) বিকালে বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, আজ (৮ মার্চ) গত দুই মাসের (জানুয়ারি ও ফেব্রুয়ারি) আকুর বিল ১৩৬ কোটি ৮৭ লাখ ৪০ হাজার মার্কিন ডলার পরিশোধ করা হয়েছে। এতে আইএমএফের হিসাব অনুযায়ী বিপিএম-৬ পদ্ধতিতে দেশে রিজার্ভ দাঁড়িয়েছে দুই হাজার ৯৩৮ কোটি ২৭ লাখ ৯০ হাজার ডলার। অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশের মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ৪১০ কোটি ২৭ লাখ ১০ হাজার ডলার।
সর্বশেষ গত বৃহস্পতিবার (৫ মার্চ) বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে মোট রিজার্ভ ছিল ৩ হাজার ৫৪৮ কোটি ৭৫ লাখ ৩০ হাজার ডলার। আর আইএমএফের হিসাব অনুযায়ী বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ ছিল তিন হাজার ৭৬ কোটি ৪৬ লাখ ৬০ হাজার ডলার।