
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে চট্টগ্রামের চন্দনাইশে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (৪ এপ্রিল) বিকালে চন্দনাইশের গাছবাড়িয়া কলেজ গেট এলাকায় এ প্রতিবাদ সমাবেশ পালিত হয়।
মিছিল শেষে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম রাজুর সভাপতিত্বে এবং বিএনপি নেতা মোর্শেদ আলম মুন্নার সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপি নেতা সিরাজুল ইসলাম, পৌরসভা বিএনপি নেতা মাহমুদুর রহমান, নওশা মিয়া সওদাগর, আ.ক.ম. মোজাম্মেল হক, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ মোরশেদুল আলম, দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাছুদুর রহমান মাছুদ, যুবদল নেতা মোহাম্মদ শহীদুল ইসলাম প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, অলি আহমদের সাম্প্রতিক বক্তব্য দেশবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। তারা তারেক রহমানকে নিয়ে কটূক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং চন্দনাইশে কর্নেল অলিকে অবাঞ্ছিত ঘোষণা করেন।
বক্তারা বলেন, তারেক রহমানের বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে, যা গণতন্ত্রের জন্য হুমকি। অবিলম্বে এসব অপপ্রচার বন্ধের দাবি জানান তারা।