
জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন।সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে তারা সনদে স্বাক্ষর করেন।প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।
প্রধান উপদেষ্টা বলেন, ‘এনসিপি এই সনদে স্বাক্ষর করবে বলেই জাতির বিশ্বাস ছিল, আজকে সেই বিশ্বাস পূর্ণতা পেলো, জুলাই জাতীয় সনদ পূর্ণতা পেলো। এনসিপিকে ধন্যবাদ এই মহতী কাজে অংশগ্রহণের জন্য।’
এই দলিল যেন নতুন বাংলাদেশকে মানবিক বাংলাদেশ হিসেবে গড়তে প্রতি পদে পদক্ষেপ রাখে তার জন্য প্রতি মুহূর্তে সচেতন থাকতে হবে বলে আহ্বান করেন তিনি।
আগামীকাল নতুন সংসদের সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে বলেও উল্লেখ করেন তিনি।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের দল থেকে নির্বাচিত সংসদ সদস্যরা আগামীকাল শপথ গ্রহণ করবেন। আমরা একইসাথে দুটো শপথ গ্রহণ করতে যাচ্ছি। আমাদের ওপর দেশের মানুষ যে আস্থা রেখেছে আমরা তা বাস্তবায়ন করবো।’
তিনি বলেন, ‘জুলাই সনদে সবার শেষ স্বাক্ষর করলেও এই সনদ বাস্তবায়নের জন্য আমরা ছিলাম সর্বোচ্চ তৎপর।’
পরে এক ব্রিফিং এ দলটির সদস্য সচিব আখতার হোসেন জানান, শর্তসাপেক্ষে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে দলটি।
তিনি বলেন, ‘আমরা বলেছি যে, নোট অব ডিসেন্ট ব্যতিরেকে গণভোটের গণরায়ের পূর্ণাঙ্গ বাস্তবায়ন সাপেক্ষে জনাব নাহিদ ইসলাম আহ্বায়ক এবং আমি আখতার হোসেন সদস্য সচিব এই জাতীয় সনদে আমরা স্বাক্ষর করলাম।’
জুলাই সনদে স্বাক্ষরের সময়, জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।