
ঢাকা-৮ আসনের একটি ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়ে অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়েছেন ১১-দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। হামলার অভিযোগের মধ্যে তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাকে নিরাপদে সরিয়ে নেয় সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে রাজধানীর রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, কেন্দ্র পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এ সময় সেখানে উপস্থিত কিছু ব্যক্তি ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন।
নাসীরুদ্দীন পাটওয়ারীর দাবি, বিএনপি নেতা মির্জা আব্বাসের সমর্থিত কর্মীরা তার ওপর হামলা চালান। তিনি অভিযোগ করেন, প্রশাসনের উপস্থিতিতেই এ ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সেনাবাহিনী দ্রুত হস্তক্ষেপ করে এবং বিশৃঙ্খলার মধ্যে পড়ে যাওয়া প্রার্থীকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী ভোটে অনিয়ম ও হামলার অভিযোগ তুলে সুষ্ঠু তদন্তের দাবি জানান। তিনি বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্ত করা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা।
তবে এ অভিযোগের বিষয়ে বিএনপি নেতা মির্জা আব্বাস বা তার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করলেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থানে রয়েছেন।