
উদারপন্থি থেকে বামপন্থি, কিংবা স্বতন্ত্র – নির্বাচনী জনসংযোগে প্রায় সব পক্ষের প্রার্থীদেরই পোশাকে পরিবর্তন চোখে পড়ার মতো। টুপি, পাঞ্জাবি, ঘোমটা হয়ে উঠেছে তাদের প্রচারণার পোশাক।
কেবল পোশাকই নয়, ধর্মকে ব্যবহার করে নির্বাচনী প্রচারণার বিষয়টি বাংলাদেশের প্রেক্ষাপটে বেশ পুরনো ঘটনা। আর তাতে পিছিয়ে ছিল না ধর্মভিত্তিক কিংবা উদারপন্থি রাজনৈতিক দলের কেউ।
দেখা গেছে, ধর্মভিত্তিক স্লোগান, পোস্টার কিংবা মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারের নজির। তবে গণ-অভ্যুত্থানের পর 'নতুন বন্দোবস্তে' ভোটাররা যে পরিবর্তনের আশা করেছিল নির্বাচনী জনসংযোগে, তার প্রতিফলন হয়নি, বরং এবাররের নির্বাচনে ধর্মকে আরও বেশি ব্যবহারের অভিযোগ উঠছে।
আর ভোটারদের অজ্ঞতাকেই রাজনীতিতে ধর্মকে ব্যবহারের কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
যদিও নির্বাচনী আচরণবিধিতে ধর্মকে ব্যবহারের বিষয়ে আছে কঠোর নিষেধাজ্ঞা। কোনো প্রার্থী যদি সেই নির্দেশ অমান্য করেন, তাহলে তার বিরুদ্ধে জরিমানা ও শাস্তির বিধানও রয়েছে।
নির্বাচনী জনসংযোগে টুপি, ঘোমটা, পাঞ্জাবি
১২ই ফেব্রুয়ারির নির্বাচনের জন্য নির্বাচনী প্রচারণা শুরু হলেও বেশ কিছুদিন আগে থেকেই নিজ নিজ আসনে জনসংযোগ করছেন প্রার্থীরা।
বেশিরভাগ সময়ই এসব প্রার্থীদের মসজিদ বা শোকসভার মতো জমায়েতে জনসংযোগ করতে দেখা গেছে, যেখানে বেশিরভাগই পুরুষ প্রার্থীদের পরতে দেখা গেছে টুপি-পাঞ্জাবি আর নারী প্রার্থীরা টেনেছেন ঘোমটা।
বিএনপি, এনসিপি, গণঅধিকার এবং স্বতন্ত্র প্রার্থীদের প্রায় সবাইকেই এই বেশে দেখা গেছে।
তবে এনিয়ে সবচেয়ে বেশি সমালোচনার মুখে পড়েন ঢাকার এমপি পদপ্রার্থী ও এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী।
সম্প্রতি তার জনসংযোগের সময় একজন ধর্মীয় পোশাক পরা ব্যক্তি তাকে হঠাৎ করে টুপি, পাঞ্জাবি পরার বিষয়ে প্রশ্ন করেন। এসময় ধারণ করা একটি ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
মি. পাটওয়ারীই বা কেন এখন এসে এই পোশাককে প্রয়োজনীয় মনে করলেন?
"নির্বাচন আসলে এটা থাকে। আর সমাজে যারা উপরস্থ, মসজিদ বা বাজার কমিটির সভাপতি- তাদের বয়স ৪০ থেকে ৫০ বছরের উপরে থাকে। ফলে তারা ঐ সময় ধর্মচর্চাটা করেন - পাঞ্জাবি, টুপি পরেন।
"তো তাদের সাথে যখন কমিউনিকেশন হয়, তখন ঐ ধরনের একটা কালচারাল জায়গা চলে আসে। যেহেতু এটা ৯০ পারসেন্ট মুসলমানের দেশ এবং ভোটার রেশিওটা মুসলমানদের মধ্যেই বেশি – তখন ওই ইস্যুটা চলে আসে" বিবিসি বাংলাকে বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
অন্যদিকে ধর্মভিত্তিক দলের নেতাদের অনেক আগে থেকেই ধর্মীয় পোশাক পরতে দেখা গেলেও, নির্বাচনী জনসংযোগের সময় তারা ধর্মকে আরও বেশি ব্যবহার করছেন- উঠছে এমন অভিযোগও।
জামায়াতের নেতৃত্বাধীন জোটে যাওয়ার আগে খোদ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম গত ডিসেম্বরে সেদিকে ইঙ্গিত করে বলেছিলেন, "ভোটের রাজনীতিতে, জাতীয় রাজনীতিতে ধর্মের নামে ভোট চাওয়া হচ্ছে"।