
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, নতুন প্রজন্ম দেশে পচা রাজনীতি দেখতে চায় না, তারা দেখতে চায়- কে নতুনত্ব বেশি নিয়ে আসে।
সোমবার দিরাই মিনি স্টেডিয়ামে ঐক্য ও সম্প্রীতির ব্যানারে দাঁড়ি পাল্লার সমর্থনে আয়োজিত শেষ নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে কালে তিনি এসব কথা বলেন।
শিশির মনির বলেন, আল্লাহর কসম আমি সংকীর্ণ কোনো দলাদলি করতে আপনাদের কাছে আসি নাই। আমার ধারণা ছিল ৫ আগস্টের পর আমাদের সমাজ বদলাবে, চরিত্রের পরিবর্তন হবে,আমি খুব প্রত্যাশা করেছিলাম রাজনৈতিক গুণগত পরিবর্তন হবে।
প্রতিপক্ষের সমালোচনাকে ইঙ্গিত করে তিনি বলেন, শিশির মনির কাউকে সমালোচনার উত্তর দিতে বাধ্য নই।
শিশির মনির বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, তারা যে গালাগালি ও সমালোচনার করছেন তাদের কোনো প্রশ্নের উত্তর আমি দিতে চাই না।
তিনি বলেন, পাশ ফেল যাই করি ৬ মাসের মধ্যে দিরাই শাল্লার কোনো এক উপযুক্ত জায়গায় প্রতিবন্ধী হাসপাতাল করব, ইতোমধ্যে জমির মালিকের সঙ্গে আলাপ হয়েছে।
জামায়াতের উপজেলা আমির আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে ও প্রধান নির্বাচনি এজেন্ট রেজাউল ইসলামের পরিচালনায় জনসভায় আরও বক্তব্য রাখেন- খেলাফত মজলিসের মাওলানা নুর উদ্দিন আহমেদ, শিশির মনিরের সহধর্মিণী সুমাইয়া সাদিয়া রায়হান, মুক্তিযোদ্ধা নলীনি কান্ত দাস খেলাফত মজলিসের হারুন অর রশিদ, ইউপি চেয়ারম্যান আবদুল্লা আল নোমান, মোফাজ্জল হোসেন জুয়েল, ডাকসুর সদস্য শাহিন এবং প্রবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন।
সকাল থেকেই দাঁড়িপাল্লার সমর্থনে বিভিন্ন গ্রাম থেকে শত শত লোক মিছিলসহকারে সমাবেশে যোগ দেন।