চার বছর পর বন্ধ থাকার ফের চালু হলো নিউইয়র্ক-নিউ জার্সির ফেরি

ডেস্ক রিপোর্ট
  ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪:২৯

চার বছর বন্ধ থাকার পর নিউ জার্সির মনমাউথ কাউন্টির বেলফোর্ড থেকে ম্যানহাটান ও জার্সি সিটিতে সরাসরি ফেরি পরিষেবা পুনরায় চালু হয়েছে। মঙ্গলবার এনওয়াই ওয়াটারওয়ে এই পরিষেবা চালু করে। এতে নিউ জার্সি থেকে নিউইয়র্ক সিটিতে যাতায়াতকারী কর্মজীবী মানুষের জন্য নতুন পরিবহন সুবিধা তৈরি হলো।
পিক্স ইলেভেনের প্রতিবেদনের তথ্যমতে, এনওয়াই ওয়াটারওয়ে ২০০২ থেকে ২০২২ সাল পর্যন্ত মিডলটাউনের বেলফোর্ডে ফেরি পরিচালনা করেছিল। চার বছর পর প্রতিষ্ঠানটি আবার বেলফোর্ড থেকে লোয়ার ম্যানহাটান ও জার্সি সিটিতে যাত্রী পরিবহন শুরু করেছে।
কর্মদিবসের সকালে প্রথম ফেরি বেলফোর্ড থেকে ভোর ৫টা ১৫ মিনিটে ছেড়ে ওয়াল স্ট্রিটের পিয়ার ১১-তে পৌঁছাবে সকাল ৫টা ৫৫ মিনিটে। অর্থাৎ বেলফোর্ড থেকে ডাউনটাউন ম্যানহাটানে পৌঁছাতে সময় লাগবে প্রায় ৪০ মিনিট।
যাত্রাপথে ফেরিটি ওয়ার্ল্ড ফিন্যান্সিয়াল সেন্টারের কাছে ব্রুকফিল্ড প্লেস এবং জার্সি সিটির পলাস হুকে থামবে। সকালের ব্যস্ত সময়ে বেলফোর্ড থেকে আরও পাঁচটি ফেরি চলবে। সকালের শেষ ফেরিটি বেলফোর্ড ছাড়বে সকাল ৯টা ৩০ মিনিটে।
ফেরার পথে প্রথম ফেরি মিডটাউনের পিয়ার ৭৯ থেকে বিকেল ৩টা ১৫ মিনিটে বেলফোর্ডের উদ্দেশে যাত্রা করবে। জার্সি সিটির পলাস হুক ও ব্রুকফিল্ড প্লেসে থামার পর ফেরিটি বিকেল ৩টা ৪৫ মিনিটে ওয়াল স্ট্রিটের পিয়ার ১১-তে পৌঁছাবে। সেখান থেকে বেলফোর্ডের দিকে যাত্রা করে বিকেল ৪টা ৩০ মিনিটে গন্তব্যে পৌঁছাবে।
পিয়ার ১১ থেকে বেলফোর্ডগামী দিনের শেষ ফেরি ছাড়বে সন্ধ্যা ৭টায়। সেটি বেলফোর্ডে পৌঁছাবে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে।
কর্মদিবসের পাশাপাশি সপ্তাহান্তেও ফেরি পরিষেবা থাকবে। সপ্তাহান্তে সকালে বেলফোর্ড থেকে ম্যানহাটানগামী তিনটি ফেরি চলবে। বিকেল ও সন্ধ্যায় ম্যানহাটান থেকে বেলফোর্ডে ফিরে যাওয়ার জন্য দুটি যাত্রা রাখা হয়েছে।
প্রাপ্তবয়স্ক যাত্রীর একমুখী ভাড়া নির্ধারণ করা হয়েছে ২৩ ডলার। নিয়মিত যাত্রীদের জন্য একাধিক যাত্রার টিকিটে ছাড়ের ব্যবস্থাও থাকবে।
মনমাউথ কাউন্টির কমিশনার পরিচালক থমাস এ আরনোন বলেন, বাসিন্দা ও দর্শনার্থীদের সুবিধাজনক পরিবহনসেবা দেওয়া কমিউনিটির মধ্যে সংযোগ বজায় রাখা এবং কাউন্টির অব্যাহত প্রবৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ। যাত্রীরা যাতে নিরাপদ, নির্ভরযোগ্য ও কার্যকর সেবা পান, তা নিশ্চিত করতে এনওয়াই ওয়াটারওয়ের সঙ্গে কাজ করার প্রত্যাশা জানিয়েছেন তিনি।
এনওয়াই ওয়াটারওয়ের দেওয়া তথ্য অনুযায়ী, বেলফোর্ড টার্মিনালে প্রায় এক হাজার গাড়ির বিনা মূল্যের পার্কিং রয়েছে। ফেরির যাত্রীরা মিডটাউন ম্যানহাটানে বিনা মূল্যের সংযোগকারী বাস এবং এনওয়াই ওয়াটারওয়ের অন্যান্য টার্মিনালে বিনা মূল্যে স্থানান্তরের সুবিধাও পাবেন। সময়সূচি ও টিকিটের বিস্তারিত তথ্য এনওয়াই ওয়াটারওয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।