যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ থেকে মজুত রাখা স্বর্ণ সরিয়ে নিচ্ছে বিভিন্ন দেশ!

ডেস্ক রিপোর্ট
  ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:০৬

ভূরাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক ঝুঁকির মধ্যে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভে রাখা স্বর্ণের মজুত অন্যত্র সরিয়ে নিচ্ছে কয়েকটি দেশ। সর্বশেষ এই তালিকায় যুক্ত হয়েছে নেদারল্যান্ডস। দেশটির কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, নিউইয়র্ক ও কানাডায় রাখা ৮৬ টন স্বর্ণ লন্ডনে সরিয়ে নেওয়া হচ্ছে। সংবাদমাধ্যম নিউজউইক এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
বুধবার ২ সেপ্টেম্বর নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক ডি নেদারল্যান্ডশে ব্যাংক (ডিএনবি) এক বিবৃতিতে জানায়, ‘ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার’ কারণে স্বর্ণের মজুত উত্তর আমেরিকা, যুক্তরাজ্য ও নেদারল্যান্ডসে আরও ভারসাম্যপূর্ণভাবে ছড়িয়ে রাখা হচ্ছে। এতে ঝুঁকি কমার পাশাপাশি সংকটের সময় স্বর্ণ দ্রুত ব্যবহারের সুযোগ বাড়বে।
ডিএনবি জানায়, লন্ডনে ব্যাংক অব ইংল্যান্ডে রাখা স্বর্ণ আধুনিক আন্তর্জাতিক বাণিজ্য মানদণ্ড পূরণ করে। এটি বিশ্বের সবচেয়ে সহজে লেনদেনযোগ্য স্বর্ণ হওয়ায় সংকটের সময় দ্রুত ব্যবহার করা সম্ভব হবে।
নতুন করে স্বর্ণ সরানোর আগে নেদারল্যান্ডসের মোট স্বর্ণের ৩১ দশমিক ৩ শতাংশ ছিল নিউইয়র্কে এবং ১৯ দশমিক ৭ শতাংশ ছিল কানাডার অটোয়ায়। স্থানান্তরের পর দুই জায়গাতেই থাকবে ১৮ দশমিক ৫ শতাংশ করে। অন্যদিকে লন্ডনে রাখা স্বর্ণের পরিমাণ ১৮ দশমিক ১ শতাংশ থেকে বেড়ে ৩২ দশমিক ১ শতাংশ হবে। দেশটির আরও ৩০ দশমিক ৮ শতাংশ স্বর্ণ নেদারল্যান্ডসেই সংরক্ষিত রয়েছে।
চলতি বছর যুক্তরাষ্ট্র থেকে স্বর্ণ সরিয়ে নেওয়া দ্বিতীয় ইউরোপীয় দেশ নেদারল্যান্ডস। এর আগে জানুয়ারিতে ফ্রান্স একই ধরনের পদক্ষেপ নেয়।
ফ্রান্সের কেন্দ্রীয় ব্যাংক ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জানুয়ারির মধ্যে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রাখা ১২৯ টন স্বর্ণ বিক্রি করে। এই পরিমাণ ছিল দেশটির মোট স্বর্ণের মজুতের প্রায় ৫ শতাংশ।
স্বর্ণ বিক্রি করে পাওয়া অর্থ দিয়ে ফ্রান্স ইউরোপে সমপরিমাণ নতুন স্বর্ণ কেনে। এসব স্বর্ণ এখন প্যারিসে রাখা হয়েছে। ফ্রান্সের মোট স্বর্ণের মজুত প্রায় ২ হাজার ৪৩৭ টন।
যুক্তরাষ্ট্র থেকে স্বর্ণ সরিয়ে নেওয়ার ঘটনা অবশ্য নতুন নয়। ২০১৭ সালের গ্রীষ্মে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদের সময় জার্মানির কেন্দ্রীয় ব্যাংক বুন্ডেসব্যাংক নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ থেকে ৩০০ টন স্বর্ণ ফ্রাঙ্কফুর্টে স্থানান্তর সম্পন্ন করে।
দেশটির স্বর্ণের বড় অংশ জার্মানির নিজস্ব ভল্টে রাখার পরিকল্পনার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। এরপরও জার্মানির মোট স্বর্ণের ৩৬ দশমিক ৬ শতাংশ নিউইয়র্কের ফেডারেল রিজার্ভে ছিল। তবে ফ্রান্সের কেন্দ্রীয় ব্যাংকে রাখা জার্মানির ৩৭৪ টন স্বর্ণের পুরোটাই দেশে ফিরিয়ে নেওয়া হয়।
গত বছর বাণিজ্যিক উত্তেজনা এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে মার্কিন মুদ্রানীতি নিয়ে উদ্বেগের মধ্যে জার্মানি ও ইতালিতে যুক্তরাষ্ট্রে রাখা স্বর্ণ দেশে ফিরিয়ে নেওয়ার দাবি জোরালো হয়। তবে প্রায় ২৪৫ বিলিয়ন ডলার মূল্যের স্বর্ণ নিউইয়র্কের ফেডারেল রিজার্ভের ভল্টে রেখেই দেওয়ার সিদ্ধান্ত নেয় দেশ দুটি।