
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বিখ্যাত এম্পায়ার স্টেট বিল্ডিং–এর নিরাপত্তা ব্যবস্থা ফাঁকি দিয়ে এক যুগল ভবনটির সুউচ্চ চূড়ায় উঠে একটি ব্যানার টানান। প্রায় ১,৪৫০ ফুট উচ্চতায় তারা প্রেমের প্রস্তাবও দেন। তবে এই দুঃসাহসিক কাণ্ডের পর শেষ পর্যন্ত তাদের পুলিশ গ্রেফতার করে।
স্থানীয় সময় বুধবার (১ জুলাই) দুপুরে নিউইয়র্কের অন্যতম বিখ্যাত এই ভবনে ঘটনাটি ঘটে। নিরাপত্তা কর্মকর্তারা এখন খতিয়ে দেখছেন, কীভাবে ওই দুজন জনসাধারণের জন্য নিষিদ্ধ এলাকায় প্রবেশ করতে সক্ষম হয়েছিলেন।
গ্রেফতার দুজন হলেন—অ্যাঞ্জেলা নিকোলাউ (৩৩) ও ইভান কুজনেৎসভ (৩২)। তারা দুজনই নিউ জার্সির বাসিন্দা এবং দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ স্থাপনায় উঠে ছবি ও ভিডিও ধারণের জন্য পরিচিত।
পুলিশের বডিক্যাম ভিডিওতে দেখা যায়, ভবনের চূড়ায় পৌঁছে এক কর্মকর্তা তাদের উদ্দেশে বলেন, ‘যেখানে আছেন, সেখানেই থাকুন। আপনারা এখানে থাকতে পারেন না। ‘ জবাবে ওই নারী বলেন,‘আমি ঠিক আছি। ‘
তাদের নিরাপদে নিচে নামাতে নিউইয়র্ক পুলিশের জরুরি সেবা ইউনিটের দুই সদস্য চারটি মই বেয়ে ভবনের চূড়ায় ওঠেন। পরে কোনো ধরনের প্রতিরোধ ছাড়াই দুজনকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে চুরি করার উদ্দেশ্যে ভবনে অবৈধ প্রবেশ, বেপরোয়া আচরণের মাধ্যমে অন্যের জীবন ঝুঁকিতে ফেলা, সরকারি সম্পত্তির ক্ষতি, অবৈধ অনুপ্রবেশসহ একাধিক অভিযোগ আনা হয়েছে।
এফবিআইয়ের সাবেক উপপরিচালক অ্যান্ড্রু ম্যাককেব বলেন, ‘এ ধরনের ঘটনা অত্যন্ত বিপজ্জনক। অন্যরা যেন এমন কাজ করতে উৎসাহিত না হয়, তাই আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি। ‘
ঘটনার পর অ্যাঞ্জেলা নিকোলাউ নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভবনের চূড়ায় তোলা ছবি ও ভিডিও প্রকাশ করেন। সেখানে শহরকে পেছনে রেখে তার হাতে থাকা বাগদানের আংটির ছবিও দেখা যায়।
নিকোলাউ ও কুজনেৎসভ সামাজিক যোগাযোগমাধ্যমে দুঃসাহসিক অভিযানের জন্য বেশ পরিচিত। তাদের নিয়ে নির্মিত ‘স্কাইওয়াকার্স: আ লাভ স্টোরি’ নামে একটি তথ্যচিত্র ২০২৪ সালে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল। সেখানে তাদের ‘দুঃসাহসিক ইনফ্লুয়েন্সার’ হিসেবে বর্ণনা করা হয়েছে, যারা ভালোবাসা ও রোমাঞ্চের জন্য জীবন বাজি রেখে বিশ্বের উঁচু ভবনে ওঠেন।
তবে এ ঘটনায় নেটফ্লিক্স কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
তথ্যসূত্র: সিএনএন