
ইসরায়েলের জন্য যুক্তরাষ্ট্রের বার্ষিক ৩.৩ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা বন্ধের দাবি আরও জোরালো হচ্ছে। মার্কিন কংগ্রেসে রিপাবলিকান সদস্য থমাস ম্যাসির আনা একটি সংশোধনী প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়েছেন ডেমোক্র্যাট কংগ্রেসম্যান গ্রেগ ক্যাসার।
টেক্সাসের প্রতিনিধি গ্রেগ ক্যাসার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, গাজায় ইসরায়েলি সরকার যুদ্ধাপরাধ করেছে এবং যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে ফেলতে সহায়তা করেছে। মার্কিন জনগণের অর্থ দিয়ে আর নেতানিয়াহুর জন্য অস্ত্র কেনা উচিত নয়।
ক্যাসার জানান, তিনি কংগ্রেসে উত্থাপিত সংশোধনী প্রস্তাবটির পক্ষে ভোট দেবেন। খবর আল জাজিরার।
রিপাবলিকান কংগ্রেসম্যান থমাস ম্যাসির প্রস্তাবিত সংশোধনীতে ইসরায়েলকে দেওয়া যুক্তরাষ্ট্রের বার্ষিক ৩.৩ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা বাতিলের আহ্বান জানানো হয়েছে। এছাড়া পররাষ্ট্র দপ্তরের অর্থায়ন বিলের আওতায় ইসরায়েলের জন্য বরাদ্দ রাখা সব অর্থও বাতিলের প্রস্তাব রয়েছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের গাজা অভিযান এবং ইরান সংকটে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা নিয়ে ওয়াশিংটনে রাজনৈতিক বিতর্ক ক্রমেই তীব্র হচ্ছে। সমালোচকদের অভিযোগ, ইসরায়েলের প্রতি নিঃশর্ত সামরিক সহায়তা যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্যের সংঘাতে আরও জড়িয়ে ফেলছে।
উল্লেখ্য, গত মাসে রিপাবলিকান কংগ্রেসম্যান থমাস ম্যাসি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থিত প্রার্থী এড গ্যালরেইনের কাছে পুনর্নির্বাচনে পরাজিত হন। ম্যাসিকে পরাজিত করতে পরিচালিত নির্বাচনি প্রচারণা ছিল যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল প্রাইমারি নির্বাচন। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, তাকে হারাতে ৩ কোটি ২০ লাখ ডলারেরও বেশি ব্যয় করা হয়, যার বেশিরভাগ অর্থ এসেছে ইসরায়েলপন্থি সংগঠন এবং ট্রাম্প-সমর্থিত রাজনৈতিক গোষ্ঠীগুলোর কাছ থেকে।
ম্যাসির প্রস্তাবিত সংশোধনীটি চলতি সপ্তাহেই মার্কিন কংগ্রেসে ভোটের জন্য উত্থাপিত হওয়ার কথা রয়েছে। এর ফলাফল যুক্তরাষ্ট্রের ইসরায়েল নীতিতে নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।