স্থস্তির খোঁজে ব্যয়বহুল রাজ্য ছাড়ছেন অনেক আমেরিকান

ডেস্ক রিপোর্ট
  ২৭ জুন ২০২৬, ১৩:২৫

যুক্তরাষ্ট্রে উচ্চ জীবনযাত্রার ব্যয়, বাড়ির ক্রমবর্ধমান দাম এবং করের চাপের কারণে অনেক পরিবার ব্যয়বহুল অঙ্গরাজ্য ছেড়ে তুলনামূলক কম খরচের এলাকায় বসবাসের সিদ্ধান্ত নিচ্ছে। বিশেষ করে ক্যালিফোর্নিয়া, নিউইয়র্ক ও ইলিনয়ের মতো রাজ্য থেকে জর্জিয়া, টেনেসি, টেক্সাস, ফ্লোরিডা এবং নর্থ ক্যারোলাইনায় স্থানান্তরের প্রবণতা সাম্প্রতিক বছরগুলোতে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। অর্থনীতি নিয়ে কাজ করেন এমন অনেকের মতে, কম কর, সাশ্রয়ী আবাসন এবং তুলনামূলক কম জীবনযাত্রার ব্যয় এই প্রবণতার অন্যতম প্রধান কারণ।
এই পরিবর্তনের একটি উদাহরণ যুক্তরাষ্ট্রের সাবেক টেলিভিশন প্রযোজক ৫২ বছর বয়সী জাস্টিন ডেভিস ও তার স্ত্রী। মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি মেক ইট এ প্রকাশিত এক প্রতিবেদনে তারা জানান, দীর্ঘদিন ধরে তারা এমন একটি জায়গায় বসবাসের কথা ভাবছিলেন, যেখানে একটি আয়ের ওপর নির্ভর করেও স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করা সম্ভব হবে এবং আর্থিক চাপ তুলনামূলক কম থাকবে। সেই পরিকল্পনার অংশ হিসেবে ২০২৩ সালে তারা ক্যালিফোর্নিয়ার ক্লোভিস শহর ছেড়ে টেনেসির নক্সভিলে চলে যান।
দম্পতি ক্যালিফোর্নিয়ায় তাদের বাড়িটি ৫ লাখ ৯৭ হাজার ডলারে বিক্রি করেন। বিক্রয়লব্ধ অর্থের বড় একটি অংশ নতুন বাড়ির ডাউন পেমেন্ট হিসেবে ব্যবহার করায় তাদের মাসিক মর্টগেজ কিস্তি নেমে আসে মাত্র ৯৮২ ডলারে। নক্সভিলে তারা প্রায় ১ হাজার ৭৯২ বর্গফুট আয়তনের একটি বাড়ি কিনেছেন, যার সঙ্গে রয়েছে প্রায় অর্ধ একর জমি। ক্যালিফোর্নিয়ায় একই বাজেটে এমন বাড়ি কেনা প্রায় অসম্ভব বলেই মনে করেন তারা।
তাদের আর্থিক সাশ্রয়ের আরেকটি বড় কারণ সম্পত্তি কর। ক্যালিফোর্নিয়ায় বছরে যেখানে প্রায় ১২ হাজার ডলার সম্পত্তি কর দিতে হতো, সেখানে টেনেসিতে সেই পরিমাণ কমে দাঁড়িয়েছে মাত্র ৭৪৩ ডলারে। এছাড়া টেনেসিতে অঙ্গরাজ্য পর্যায়ে ব্যক্তিগত আয়কর না থাকায় তাদের বার্ষিক ব্যয় আরও কমেছে।
জাস্টিন ডেভিসের ভাষ্য, শুধু অর্থ সাশ্রয়ই নয়, নতুন পরিবেশে তারা আরও শান্ত ও ভারসাম্যপূর্ণ জীবনযাপন করতে পারছেন। একটি আয়ের ওপর নির্ভর করেও সংসার চালানো সম্ভব হওয়ায় পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ বেড়েছে এবং ভবিষ্যতের জন্য আর্থিক পরিকল্পনা করাও সহজ হয়েছে।
অর্থনীতি বিশ্লেষকদের মতে, করোনা মহামারির পর দূর থেকে কাজ করার সুযোগ বাড়ায় অনেক কর্মজীবী মানুষ আর কর্মস্থলের কাছাকাছি ব্যয়বহুল শহরে বসবাসকে অপরিহার্য মনে করছেন না। ফলে তুলনামূলক কম খরচের রাজ্যে স্থানান্তরের প্রবণতা আরও জোরদার হয়েছে। এর পাশাপাশি আবাসনের মূল্য, সম্পত্তি কর, বীমা, জ্বালানি ব্যয় এবং দৈনন্দিন খরচের পার্থক্যও মানুষের সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বাংলাদেশি-আমেরিকান পরিবারগুলোর মধ্যেও একই ধরনের প্রবণতা দেখা যাচ্ছে। বিশেষ করে যারা প্রথমবারের মতো বাড়ি কিনতে চান বা অবসরের পর কম খরচে জীবনযাপন করতে চান, তারা এখন বাড়ির দাম, মর্টগেজ, সম্পত্তি কর এবং সামগ্রিক জীবনযাত্রার ব্যয় বিবেচনা করে নতুন অঙ্গরাজ্যে বসবাসের পরিকল্পনা করছেন।
আটলান্টা, জর্জিয়ার তরুণ রিয়েলটর ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট আতাহার হোসেন বলেন, কেবল বাড়ির দাম বা কর কম হওয়াই কোনো অঙ্গরাজ্যে বসবাসের সিদ্ধান্ত নেওয়ার একমাত্র ভিত্তি হওয়া উচিত নয়। নতুন রাজ্যে যাওয়ার আগে চাকরির সুযোগ, স্বাস্থ্যসেবা, শিক্ষার মান, জলবায়ু, বীমার ব্যয়, যাতায়াত ব্যবস্থা এবং সামগ্রিক জীবনযাত্রার মান বিবেচনা করা জরুরি। তার মতে, এসব দিক থেকে জর্জিয়া বর্তমানে বসবাস ও বিনিয়োগের জন্য যুক্তরাষ্ট্রের অন্যতম সম্ভাবনাময় অঙ্গরাজ্য। তাই নতুন করে বসবাসের পরিকল্পনা করা পরিবারগুলোকে জর্জিয়াকেও গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আহ্বান জানান তিনি।
তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রে আবাসন ব্যয় এবং জীবনযাত্রার খরচের বৈষম্য অব্যাহত থাকলে আগামী বছরগুলোতেও ব্যয়বহুল অঙ্গরাজ্য থেকে তুলনামূলক সাশ্রয়ী রাজ্যে মানুষের স্থানান্তরের এই ধারা অব্যাহত থাকবে।