ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম

আন্তর্জাতিক ডেস্ক
  ১২ জুন ২০২৬, ২২:৪৪

উত্তর ক্যালিফোর্নিয়ার ট্রেসি শহরের একটি চিকিৎসাসামগ্রীর গুদামে বৃহস্পতিবার (১১ জুন) এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার পর আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কর্তৃপক্ষকে বেশ বেগ পেতে হয়। 
নিরাপত্তার স্বার্থে তাৎক্ষণিকভাবে ওই এলাকার আশপাশের অন্যান্য প্রতিষ্ঠান ও স্থাপনা থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
সান ফ্রান্সিসকো থেকে প্রায় ৫৫ মাইল পূর্বে অবস্থিত এই শিল্পাঞ্চলটিতে চিকিৎসাসামগ্রী সরবরাহকারী শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ‘মেডলাইন’-এর একটি বিশাল বিতরণ কেন্দ্র রয়েছে। 
সাউথ সান জোয়াকিন কাউন্টি ফায়ার অথরিটির প্রধান র‌্যান্ডাল ব্র্যাডলি জানান, মেডলাইনের গুদাম থেকে আগুন তীব্রভাবে ছড়িয়ে পড়ে এবং রাস্তার অপর পাশে অবস্থিত একটি ফেডেক্স প্রতিষ্ঠানে গিয়ে আঘাত হানে। তবে দমকল কর্মীরা দ্রুত তৎপরতা চালিয়ে ফেডেক্স ভবনের আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
ট্রেসি শহরের পুলিশ বিভাগের সার্জেন্ট মাইকেল রিচার্ডস জানিয়েছেন, তীব্র বাতাসের কারণে আগুনের স্ফুলিঙ্গ চারদিকে ছড়িয়ে পড়ার বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছিল। এই আশঙ্কায় তারা ওই এলাকার একটি বড় অংশ থেকে সাধারণ মানুষকে সরিয়ে নেন। প্রায় ১০ লাখ বর্গফুটের এই বিশাল গুদামটি যে শিল্প পার্কে অবস্থিত, সেখানে অ্যামাজন, হোম ডিপো এবং ফেডেক্সের মতো বড় বড় প্রতিষ্ঠানের প্রধান বিতরণ কেন্দ্র রয়েছে।
এক বিবৃতিতে মেডলাইন কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে অগ্নিকাণ্ডের সময় গুদামে কর্মরত তাদের সকল কর্মকর্তা ও কর্মচারী নিরাপদ রয়েছেন এবং তাদের সবাইকে শনাক্ত করা গেছে। কোম্পানির একজন মুখপাত্র জানান, তারা অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি নিরূপণে স্থানীয় প্রশাসন ও জরুরি উদ্ধারকারী দলগুলোর সাথে নিবিড়ভাবে কাজ করছেন।

সূত্র: এপি।