সাময়িকভাবে ফেডারেল গ্যাস ট্যাক্স স্থগিত রাখতে চান ট্রাম্প 

ডেস্ক রিপোর্ট
  ১২ মে ২০২৬, ১৯:৫৩


ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম লাগামহীনভাবে বাড়তে থাকায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেডারেল গ্যাস ট্যাক্স সাময়িকভাবে বাতিল করার ইচ্ছা প্রকাশ করেছেন। সোমবার সিবিএস নিউজকে তিনি জানান, "একটি নির্দিষ্ট সময়ের জন্য" এই কর স্থগিত রাখা উচিত এবং দাম কমে এলে তা পুনরায় চালু করা হবে।
বর্তমানে প্রতি গ্যালন পেট্রোলে ১৮.৪ সেন্ট এবং ডিজেলে ২৪.৪ সেন্ট ফেডারেল কর আরোপিত আছে। এই কর তুলে নিলে গড় জ্বালানি খরচ প্রায় ৪ শতাংশ কমতে পারে। তবে এ সিদ্ধান্ত কার্যকর করতে হলে কংগ্রেসের অনুমোদন লাগবে।
ইরানে মার্কিন বোমা হামলার আগে প্রতি গ্যালন পেট্রোলের গড় দাম ছিল ৩ ডলারের কিছুটা নিচে। এখন তা ৫০ শতাংশেরও বেশি বেড়ে ৪.৫২ ডলারে পৌঁছেছে। ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার চলাচল বাধাগ্রস্ত হওয়ায় এই মূল্যবৃদ্ধি ঘটেছে। বিশ্বের মোট অপরিশোধিত তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়।
সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের ৮০ শতাংশ মানুষ বলছেন জ্বালানির উচ্চমূল্য তাদের পারিবারিক বাজেটে বড় চাপ ফেলছে। এমনকি ৬৩ শতাংশ আমেরিকান এই পরিস্থিতির জন্য ট্রাম্পকে দায়ী করছেন, যার মধ্যে এক-তৃতীয়াংশ রিপাবলিকান সমর্থকও রয়েছেন।