
মোট কর্মীদের মধ্যে এক-তৃতীয়াংশকে ছাঁটাই করতে যাচ্ছে মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের মালিকপক্ষ। বর্তমানে এর মালিকানায় আছেন আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। স্থানীয় সময় বুধবার অনেক কর্মীকে বাড়িতে থাকার নোটিশ পাঠানো হয়েছে।
কর্মী ছাঁটাইয়ের বিষয়ে বেজোস তাৎক্ষণিক মন্তব্য করেননি। গণমাধ্যমটিকে লাভজনক করে তুলতে তিনি বেশ কিছুদিন ধরে ব্যবস্থাপনা দলকে চাপ দিচ্ছিলেন। কিন্তু পত্রিকাটির অনেক সাংবাদিক এই পদ্ধতির সমালোচনার পাশাপাশি বেজোসের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন।
পোস্টের সাবেক ফ্যাক্ট-চেকার গ্লেন কেসলার এ নিয়ে চলতি সপ্তাহের শুরুতে একটি কলামে লিখেন, ‘বেজোসের উদ্দেশ্য ওয়াশিংটন পোস্টকে বাঁচানো নয়, তাঁর লক্ষ্য ডোনাল্ড ট্রাম্পের হাত থেকে বাঁচা।’ বেজোস ও আমাজনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সম্পর্ক বেশ জটিল। যদিও চলতি সপ্তাহের শুরুতে বেজোস তাঁর মালিকানাধীন রকেট কোম্পানি ব্লু অরিজিনে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে আতিথেয়তা দেন।
বুধবার পত্রিকাটির অনেক কর্মীকে ছাঁটাইয়ের নোটিশ পাঠানো শুরু হয়। নির্বাহী সম্পাদক ম্যাট মারে একটি অভ্যন্তরীণ মেমোতে বলেন, বার্তাকক্ষে উল্লেখযোগ্য সংখ্যক কর্মী কমানো হবে। প্রতিটি বিভাগেই এর প্রভাব পড়বে।
পত্রিকাটির সূত্রগুলো সিএনএনকে জানিয়েছে, ছাঁটাইয়ের কারণে মেট্রো ডেস্কের লোকবল একেবারে কমে গেছে। খেলা বিভাগ প্রায় পুরোটাই বন্ধ। বুকস বিভাগও বন্ধ করে দেওয়া হয়েছে। বাতিল করা হয়েছে পডকাস্ট অনুষ্ঠান।
ম্যাট মারে জানান, ওয়াশিংটন পোস্টের আন্তর্জাতিক সংবাদ কভারেজও প্রভাবিত হবে। কারণ, এ ক্ষেত্রেও লোকবল কমানো হচ্ছে। তবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কিছু বিদেশ ব্যুরো টিকে থাকবে।