
নিউইয়র্কের লং আইল্যান্ডের সেন্ট জেমসে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নাসাউ কাউন্টি পুলিশ বিভাগের একজন অফ-ডিউটি নারী কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত পুলিশ কর্মকর্তার নাম প্যাট্রিসিয়া এস্পিনোসা (৪২)। তিনি মাত্র দুই বছর বয়সী একটি কন্যাসন্তান রেখে গেছেন বলে জানিয়েছে নাসাউ কাউন্টি পুলিশ বেনেভোলেন্ট অ্যাসোসিয়েশন (PBA)। খবর : আইউটনেস নিউজ
শনিবার ভোর ৬টার কিছু পর এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। রুট ৩৪৭ ও আলেকজান্ডার অ্যাভিনিউয়ের সংযোগস্থলে এস্পিনোসা তার ২০১৯ সালের আলফা রোমিও গাড়ি চালাচ্ছিলেন। সে সময় একটি শেভি সিলভারাডো পিকআপ ট্রাক লাল বাতি অমান্য করে তার গাড়িকে সজোরে ধাক্কা দেয়। পুলিশের তথ্যমতে, ট্রাকটি আলেকজান্ডার অ্যাভিনিউ ধরে উত্তরমুখী ছিল।
ঘটনাস্থল থেকে ২০ বছর বয়সী ম্যাথিউ স্মিথ (হাউপাগ, নিউইয়র্ক) কে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর (ডিডব্লিউআই) অভিযোগ আনা হয়েছে। তার সঙ্গে থাকা ২৫ বছর বয়সী এক যাত্রীও আহত হন। দুজনকেই স্টোনি ব্রুক হাসপাতালে নেওয়া হয়, তবে তাদের আঘাত প্রাণঘাতী নয়। অপরদিকে, গুরুতর আহত অবস্থায় এস্পিনোসাকে একই হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নাসাউ কাউন্টি পিবিএ প্রেসিডেন্ট টমি শেভলিন এক বিবৃতিতে বলেন, অফিসার এস্পিনোসা ছিলেন একটি সত্যিকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী পরিবারের প্রাণ। তার স্বামী ফ্রান্সিসকো মালাগা এবং দুই ভাই ক্রিশ্চিয়ান ও ডেভিড আলমেইদা—তিনজনই পুলিশ কর্মকর্তা। তিনি তার দুই বছর বয়সী কন্যা মিয়াকে রেখে গেছেন।
নাসাউ কাউন্টির নির্বাহী ব্রুস ব্লেকম্যান, যিনি বর্তমানে গভর্নর পদপ্রার্থী, গভীর শোক প্রকাশ করে বলেন, পঞ্চম প্রিসিঙ্কটের প্রিয় সদস্য পুলিশ কর্মকর্তা প্যাট্রিসিয়া এস্পিনোসার মৃত্যুতে আমি হৃদয়বিদারকভাবে শোকাহত। পুয়ের্তো রিকান ডে প্যারেডে তার সঙ্গে একসঙ্গে হাঁটার সম্মান আমার হয়েছিল। এই দুর্ঘটনায় গোটা পুলিশ বিভাগসহ এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।