অভিবাসন পুলিশিং থেকে স্থানীয় পুলিশকে বিরত রাখতে বিল প্রস্তাব নিউ ইয়র্ক গভর্নরের

ডেস্ক রিপোর্ট
  ৩১ জানুয়ারি ২০২৬, ১৩:১৩


নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হকুল একটি নতুন আইন প্রস্তাব করেছেন, যার মাধ্যমে কেন্দ্রীয় অভিবাসন আইন প্রয়োগে রাজ্য ও স্থানীয় পুলিশকে সম্পৃক্ত করার ওপর নিষেধাজ্ঞা জারি করা হবে। এতে নিউ ইয়র্কের রাজ্য প্রশাসন ও ট্রাম্প প্রশাসনের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
অন্যদিকে, ট্রাম্প প্রশাসনের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের মুখপাত্র ট্রিসিয়া ম্যাকলাফলিন বলেন, “এই বিল জননিরাপত্তা পরিস্থিতি দুর্বল করবে এবং কেন্দ্রীয় নিরাপত্তা কর্মকর্তাদের আরও বেশি এলাকায় উপস্থিত হতে বাধ্য করবে। যখন রাজনীতিকরা সহযোগিতা বন্ধ করেন, তখন আমাদের দৃশ্যমানভাবে অভিযান বাড়াতে হয়, যাতে জেল থেকে ছাড়া পাওয়া অপরাধীদের খুঁজে বের করে আটক করা যায়। এতে সম্পদের ওপর চাপ বাড়ে এবং কেন্দ্রীয় পুলিশের প্রতি জনআস্থাও ঝুঁকির মুখে পড়ে।”
প্রস্তাবিত এই আইনে আইসিই ও রাজ্য পর্যায়ে স্থানীয় পুলিশের মধ্যে থাকা বিদ্যমান চুক্তিগুলো বাতিল করা হবে। এসব চুক্তির মাধ্যমে আইসিই স্থানীয় কর্মকর্তাদের সীমিত ক্ষমতা দিয়ে কাজ করিয়ে নিতো। পাশাপাশি রাজ্যের অর্থায়নে কেনা সম্পদ বা জনবল ব্যবহার করে ফেডারেল অভিবাসন আইন প্রয়োগও নিষিদ্ধ করা হবে। এছাড়া বাড়ি ও স্কুলের মতো সংবেদনশীল স্থানে প্রবেশের জন্য আদালতের অনুমোদিত ওয়ারেন্ট বাধ্যতামূলক করা হবে। সাংবিধানিক অধিকার লঙ্ঘনের অভিযোগে ফেডারেল কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করার সুযোগও রাখা হয়েছে।
মিনেসোটায় কেন্দ্রীয় পুলিশের গুলিতে দুই মার্কিন নাগরিক নিহত হওয়ার পর দেশজুড়ে যে বিক্ষোভ শুরু হয়েছে, সেই প্রেক্ষাপটেই এই বিল উত্থাপন করা হয়েছে। এতে কেন্দ্রীয় অভিবাসন আইন প্রয়োগের পদ্ধতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
নিউ ইয়র্কের আইনসভায় বর্তমানে ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। ফলে বিলটি পাস হওয়ার সম্ভাবনা তুলনামূলক বেশি। এ ছাড়া বড় শহরগুলোতে ট্রাম্প প্রশাসনের কড়া অভিবাসন অভিযান বিরোধী অবস্থান নিয়ে অন্য রাজ্যগুলোতেও একই ধরনের উদ্যোগ দেখা যাচ্ছে।