
বিমান বাংলাদেশ এয়ারলাইনস মধ্যপ্রাচ্যে উত্তেজনার প্রেক্ষাপটে চারটি রুটে ফ্লাইট চলাচল অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে। তাছাড়া, দুটি রুটে ১০ মার্চ পর্যন্ত ফ্লাইট স্থগিত রাখা হয়েছে।
সোমবার (৯ মার্চ) সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাতপূর্ণ পরিস্থিতির কারণে দোহা, শারজাহ, কুয়েত ও দাম্মাম রুটের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকবে।
অন্যদিকে দুবাই ও আবুধাবি রুটের ফ্লাইট ১০ মার্চ পর্যন্ত স্থগিত থাকবে।
মধ্যপ্রাচ্যে সংঘাতের প্রেক্ষিতে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় বর্তমানে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডানের আকাশসীমা ব্যবহারে সতর্কতা রয়েছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশেও। গত ২৮ ফেব্রুয়ারি থেকে একের পর এক মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট বাতিল করতে থাকে বিভিন্ন এয়ারলাইনস।
গতকাল রবিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অন্তত ২৬টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ নিয়ে এদিন পর্যন্ত মোট ৩০০টি ফ্লাইট বাতিল হলো।