আইসিসির সদস্যপদ হারানোর পথে একটি দেশ

স্পোর্টস ডেস্ক
  ০১ জুন ২০২৬, ২৩:২৯

বোর্ড পরিচালনায় অনিয়মের কারণে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সদস্যপদও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে কানাডার।
গতকাল (রোববার) ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিত আইসিসি বোর্ড সভার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আইসিসির বিবৃতিতে বলা হয়েছে, ক্রিকেট কানাডা তাদের সদস্যপদ সম্পর্কিত দায়িত্ব পালনে “গুরুতর লঙ্ঘন” করেছে, যার কারণে এই স্থগিতাদেশ কার্যকর করা হয়েছে।
আইসিসি জানিয়েছে, কানাডার জাতীয় পুরুষ, নারী ও বয়সভিত্তিক প্রতিনিধিত্বকারী দলগুলো আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের অধিকার হারাবে না। 
সম্প্রতি কানাডার অনুসন্ধানী প্রামাণ্য অনুষ্ঠান ‘দ্য ফিফথ স্টেট’-এর প্রতিবেদনে উঠে এসেছে, আইসিসির নীতিমালা ভঙ্গ, ক্রিকেট কানাডার পরিচালনা নিয়ে উদ্বেগ এবং আর্থিক তদারকির ঘাটতির অভিযোগ রয়েছে।
ক্রিকেট কানাডা সাম্প্রতিক সময়ে মাঠের ভেতরে ও বাইরে নানা অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে কানাডা-নিউজিল্যান্ড ম্যাচটি নিয়েও তদন্ত করেছে আইসিসির দুর্নীতি দমন ও সততা ইউনিট।
কানাডার সাবেক কোচ খুররম চৌহানের ফাঁস হওয়া একটি ফোনালাপের অডিও নিয়েও তদন্ত শুরু হয়ছে। সেখানে তিনি অভিযোগ করেছিলেন, ক্রিকেট কানাডার তৎকালীন (বর্তমানে সাবেক) শীর্ষ বোর্ড সদস্যরা জাতীয় দলে নির্দিষ্ট খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করতে চাপ প্রয়োগ করেছেন। ওই অডিওতে ম্যাচে দুর্নীতি চেষ্টারও অভিযোগ রয়েছে।