
জিম্বাবুয়ের বোলারদের তুলোধুনো করে রানের রেকর্ড গড়েছে ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে রেকর্ড ২৫৪ রান করেছে ক্যারিবীয়রা।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ক্যারিবীয়রা আজ দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহ করেছে। এর আগে ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে কেনিয়ার বিপক্ষে শ্রীলংকা রেকর্ড ২৬০ রান করে। সেই রেকর্ড আজও অক্ষত।
সোমবার ভারতের মুম্বাবাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমেই তাণ্ডব শুরু করে ওয়েষ্ট ইন্ডিজ। সিমরন হিতমায়ার ও রোভম্যান পাওয়েল রীতিমতো তাণ্ডব চালান। এই দুই তারকার ব্যাটিং তাণ্ডবে রানের রেকর্ড গড়ে উইন্ডিজ।
দলের হয়ে সিমরন হিতমায়ার মাত্র ৩৪ বলে ৭টি চার আর ৭টি ছক্কার সাহায্যে দলীয় সর্বোচ্চ ৮৫ রান করেন। ৩৫ বলে ৪টি চার আর সমান ছক্কায় দ্বিতীয় সর্বোচ্চ ৫৯ রান করেন রোভম্যান পাওয়েল।
গ্রুপপর্বে দুই দল দুর্দান্ত পারফর্ম করে গ্রুপ সেরা হয়েই সুপার এইটে উঠেছে। জিম্বাবুয়ে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও শ্রীলংকাকে হারিয়ে গ্রুপ সেরা হয়ে সুপার এইটে উঠে যায়। জিম্বাবুয়ের অবিশ্বাস্য পারফরম্যান্সের কারণে বিশ্বকাপের হট ফেভারিট হওয়া সত্ত্বেও গ্রুপপর্ব থেকে বাদ পড়ে যায় সাবেক চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।
অন্যদিকে ওয়েষ্ট ইন্ডিজ সি গ্রুপে টানা চার ম্যাচে সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ড, স্কটল্যান্ড, ইতালি ও নেপালকে হারিয়ে গ্রুপসেরা হিসেবে সুপার এইটে উঠে।