পবিত্র রমজান শুরুর সম্ভাব্য তারিখ জানালেন আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা

ডেস্ক রিপোর্ট
  ১১ অক্টোবর ২০২৬, ১৩:৪৬

পবিত্র রমজান মাস শুরু হতে ১২১ দিন বাকি রয়েছে। জ্যোতির্বৈজ্ঞানিক গণনা অনুযায়ী আগামী ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি সোমবার থেকে রোজা শুরু হতে পারে। আগামী ১২ অক্টোবর সোমবার হিজরি জমাদিউল আউয়াল মাস শুরু হওয়ার মধ্য দিয়ে রমজানের ক্ষণগণনায় আর মাত্র চারটি চন্দ্র মাস বাকি থাকবে।
সংযুক্ত আরব আমিরাতের শীর্ষস্থানীয় জ্যোতির্বিজ্ঞানীদের বরাত দিয়ে মধ্যপ্রাচ্যের গণমাধ্যম গালফ নিউজ এ তথ্য জানিয়েছে।
আমিরাত অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য ইব্রাহিম আল জারওয়ান জানান, শনিবার সূর্যাস্তের পর সংযুক্ত আরব আমিরাত সময় আনুমানিক সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে নতুন চাঁদের জন্ম হয়েছে। রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় খালি চোখে নতুন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে ১২ অক্টোবর সোমবার জমাদিউল আউয়াল মাসের প্রথম দিন হিসেবে গণ্য হতে পারে। তবে ধর্মীয় নিয়ম অনুযায়ী আনুষ্ঠানিক চাঁদ দেখার ওপর ভিত্তি করেই রমজান শুরুর চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে।
পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের পবিত্র রমজান মাস ২৯ অথবা ৩০ দিনের হতে পারে। সেই হিসেবে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে আগামী বছরের ৯ মার্চ মঙ্গলবার অথবা ১০ মার্চ বুধবার। আল জারওয়ান উল্লেখ করেন, ইসলামি হিজরি বর্ষপঞ্জির অন্যতম বড় বৈশিষ্ট্য হলো কোনো ধরনের বিশেষ যন্ত্রপাতি বা জটিল গাণিতিক হিসাব ছাড়াই স্বাভাবিকভাবে চাঁদের রূপ পরিবর্তনের মাধ্যমে মাস গণনা করা যায়।
এদিকে জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখার বিষয়ে কিছুটা ভিন্ন বিশ্লেষণ দিয়েছে শারজাহ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শারজাহ স্পেস অ্যান্ড অ্যাস্ট্রোনমি হাব। তাদের পর্যবেক্ষণ অনুযায়ী, রোববার সূর্যাস্তের পর সাধারণ টেলিস্কোপ কিংবা খালি চোখে চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা ক্ষীণ। তবে সূর্যাস্তের পূর্বে উন্নত অ্যাস্ট্রোফটোগ্রাফি প্রযুক্তির সাহায্যে চাঁদের উপস্থিতি শনাক্ত করা সম্ভব হতে পারে।
শারজাহ সেন্টারের তথ্যমতে, যেসব দেশ বা অঞ্চল ইসলামি মাস নির্ধারণে জ্যোতির্বৈজ্ঞানিক গণনাকে প্রাধান্য দেয়, তারা ১২ অক্টোবর সোমবার থেকে নতুন মাস গণনা শুরু করবে। অন্যদিকে যেসব দেশ সূর্যাস্তের পর খালি চোখে বা সাধারণ অপটিক্যাল টেলিস্কোপে চাঁদ দেখাকে অপরিহার্য মনে করে, তাদের ক্ষেত্রে জমাদিউল আউয়াল মাস শুরু হতে পারে ১৩ অক্টোবর মঙ্গলবার থেকে। সংস্থাটি নিশ্চিত করেছে যে, শনিবার রাতে স্থানীয় সময় ৮টা ৪৭ মিনিটে শারজাহ অঞ্চলে চাঁদের কেন্দ্রিক সংযোগ সম্পন্ন হয়েছে।