
"ভালো থেকো তুমি"
সেলিনা পারভীন
আমার পৃথিবী ছিলে তুমি,
তোমাকেই ঘিরে ছিল আমার সমস্ত সকাল-সন্ধ্যা।
স্বপ্নগুলোও তোমার নামেই শ্বাস নিত,
আর আমি নিঃশব্দে বিশ্বাস করতাম-
তুমি কখনো হারাবে না।
চাওয়ার মতো কিছু ছিল না আর,
কারণ যা পাওয়ার ছিল
সবই পেয়েছিলাম তোমার মাঝে।
ভাঙা হৃদয়ের ভেতরেও
একটুকরো শান্তি ছিল,
যতক্ষণ তুমি ছিলে পাশে।
তারপর একদিন-
অভিমানগুলো শব্দ না হয়ে
চোখের কোণে জমে রইল।
তুমি বুঝেছিলে সবই,
তবুও না বোঝার অভিনয় করে
ধীরে ধীরে দূরে সরে গেলে।
এখন আর কষ্ট পাই না আমি,
কারণ কষ্টও একসময় ক্লান্ত হয়ে যায়।
শুধু মাঝরাতে স্মৃতিগুলো এসে
নিঃশব্দে বুকের ভেতর ঝড় তোলে।
হাসতে গেলেও মনে পড়ে-
এমন তো কথা ছিল না।
আমি আর কিছু বলবো না,
কাউকে দোষও দেবো না।
শুধু দূর থেকে বলবো-
ভালো থেকো তুমি।
হয়তো কোনো এক নিঃসঙ্গ রাতে
আমার না বলা কথাগুলো
তোমার বুকেও ব্যথা হয়ে ফিরবে।
হয়তো ফিরে আসতে চাইবে আবার,
পুরোনো সেই আমিটাকে খুঁজবে।
কিন্তু সেদিন আমি থাকবো
অনেক দূরে…
এতটাই দূরে,
যেখানে তোমার ডাকে
আর কোনো উত্তর পৌঁছাবে না।
আর তখন তুমি বুঝবে-
কাউকে হারানো যতটা কষ্টের,
তার চেয়েও বেশি কষ্টের
একটা সত্যিকারের হৃদয়কে
অবহেলায় ভেঙে ফেলা।