
"বারংবার নয়"
সেলিনা পারভীন
একই ভুল করতে নেই বারংবার
তাতে করে ছিন্ন হয় সব আবদার
এই কথাটুকু যেন মনে রাখো
ভাঙা স্বপ্নে আর আগুন দিও না আবার।
একই পথে হেঁটে যদি হারাও বারবার
কেন তবে সেই পথে ফিরে যাও আবার?
শেখো না কি ক্ষত থেকে একটু একটু করে
নতুন ভোর গড়তে লাগে সাহস অপরিসীম ভরে।
ভুল তো মানুষই করে— এটাই স্বাভাবিক
কিন্তু একই ভুলে হার মানা, সেটাই অস্বস্তিকর দিক।
আত্মাকে প্রশ্ন করো, কোথায় ছিলে ভুল
নিজেকে গড়ো নতুন করে, করো জীবন ফুল।
অভিমান ভেঙে যায়, বিশ্বাস হয় ক্ষয়
একই আঘাতে হৃদয় আর কতোটা সয়?
তাই তো বলি, থামো একটু, ভাবো মন দিয়ে
ভালোবাসা টিকে থাকে বুঝে-শুনে বাঁচিয়ে।
একই ভুল যেন না হয় জীবনের পরিচয়
শেখার মধ্যেই লুকিয়ে থাকে বাঁচার আসল জয়।
হাঁটো নতুন পথে, বদলাও নিজের ধারা
তবেই তো জীবন হবে সুন্দর আলোকধারা।