
দক্ষিণ লেবাননের কয়েকটি এলাকায় ইসরাইলি সেনাবাহিনী ফসফরাস বোমা নিক্ষেপ করেছে। লেবাননের সরকারি সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, নাবাতিয়েহ গভর্নরেটের ইয়ারুন ও আরনুন শহর এবং বিন্ত জুবাইল এলাকায় জলপাই ও পাইন গাছের বাগান লক্ষ্য করে এসব বোমা ফেলা হয়। এতে বড় ধরনের অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে বলে জানানো হয়েছে।
এনএনএ আরও জানিয়েছে, নাবাতিয়েহর কাছে আলি আল-তাহের পাহাড় এলাকায় ইসরাইলি বাহিনী দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এ ছাড়া টায়ার শহরের বাইত আল-সাইয়াদ এলাকায় একটি ইসরাইলি ড্রোন থেকে একটি স্টান গ্রেনেড ফেলা হয়েছে বলেও দাবি করা হয়েছে।
এদিকে, দক্ষিণ লেবাননে ৪০১তম ব্রিগেডের অভিযান শেষ হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। রবিবার প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ৯১তম ডিভিশনের অধীনে থাকা ৪০১তম ব্রিগেড আট মাস আগে ওই অঞ্চলে অভিযান শুরু করেছিল।
বিবৃতিতে বলা হয়, এই সময়ে ব্রিগেডটি সীমান্তজুড়ে প্রতিরক্ষামূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি দক্ষিণ লেবাননের তথাকথিত ‘নিরাপত্তা অঞ্চলে’ বিভিন্ন সামরিক অভিযান চালায়।
অভিযানের সময় তারা হিজবুল্লাহর ১ হাজার ২০০টিরও বেশি স্থাপনা ধ্বংস করেছে। এর মধ্যে শত শত মিটার দীর্ঘ ভূগর্ভস্থ সুড়ঙ্গও রয়েছে বলে উল্লেখ করা হয়।
এ ছাড়া সেনাবাহিনীর দাবি, অভিযানে ৬০০টিরও বেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং ৬০ জনের বেশি হিজবুল্লাহ সদস্য নিহত হয়েছে।