ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ গণতন্ত্রের বিজয়

সোনম ওয়াংচুক
আন্তর্জাতিক ডেস্ক
  ২৬ জুলাই ২০২৬, ০০:৩৭

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর নিজের প্রথম প্রতিক্রিয়ায় এটিকে গণতন্ত্রের এবং রাজপথের প্রত্যক্ষ জয় বলে অভিহিত করেছেন বিশিষ্ট জলবায়ু ও শিক্ষা অ্যাক্টিভিস্ট সোনম ওয়াংচুক। 
এক্স হ্যান্ডলে দেওয়া এক পোস্টে তিনি একে শান্তি, ধৈর্য এবং অধ্যবসায়ের বিজয় হিসেবে উল্লেখ করেন। হাসপাতালের বিছানা থেকে জয়ের ‘ভি’ চিহ্ন দেখানো একটি ছবি শেয়ার করে তিনি দেশের তরুণ প্রজন্ম এবং ককরোচ জনতা পার্টিকে (সিজেপি) অভিনন্দন জানান এবং দেশের প্রতিটি প্রান্ত থেকে ভয় কাটিয়ে উঠে প্রতিবাদে শামিল হওয়ার জন্য সাধারণ মানুষকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, গত ২৮ জুন শিক্ষাব্যবস্থার সংস্কার এবং ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সিজিপির আন্দোলনে আমরণ অনশন শুরু করেছিলেন সোনম ওয়াংচুক। 
তবে গত বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে সরকারের পক্ষ থেকে সংসদে নেট প্রশ্নফাঁস ইস্যু নিয়ে আলোচনার আশ্বাস, বিক্ষোভকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়া এবং নেট প্রশ্নফাঁসের পর আত্মঘাতী শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি পাওয়ার পর তিনি ২৬ দিনের দীর্ঘ অনশন ভঙ্গ করেন। শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর এখন আলোচনা নিছক দায়বদ্ধতা থেকে সরে এসে শিক্ষা সংস্কারের দিকে এগোবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এদিকে সরকারের সাথে সিজেপির তৃতীয় দফার বৈঠকের ঠিক আগে এক্স হ্যান্ডলে দুই পাতার দীর্ঘ বিবৃতি দিয়ে পদত্যাগের ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। বিগত দশ দিনের ঘটনাবলিতে গভীর বেদনা প্রকাশ করে তিনি জানান যে এটি তার কাছে কোনো ব্যক্তিগত অহংকারের বিষয় নয়।
নেট-ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং অনিয়মের জেরে শুরু হওয়া এই বিতর্কে শুরু থেকেই তিনি পুরো পরিস্থিতির সম্পূর্ণ দায়িত্ব নিজের কাঁধে নিয়েছিলেন এবং পরীক্ষা মাফিয়ার হাতে কোনো মেধাবী শিক্ষার্থীর ভবিষ্যৎ নষ্ট হতে দেবেন না বলে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন।
শিক্ষামন্ত্রীর পদত্যাগের খবর সামনে আসার পর ‘লং লিভ স্টুডেন্ট পাওয়ার’ স্লোগান দিয়ে উল্লাস প্রকাশ করে সিজেপি। দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে সমর্থকদের উদ্দেশ্যে বলেন যে এটিই প্রকৃত গণতন্ত্র এবং তেলাপোকার শক্তির সাথে কেউ যেন গাদ্দারি না করে। 

সূত্র: এনডিটিভি।