
বিশ্বের সবচেয়ে বড় ব্যাংকগুলোর তালিকায় আরও শক্ত অবস্থান তৈরি করেছে চীন। সম্পদের পরিমাণ ও মূলধনের ভিত্তিতে বিশ্বের শীর্ষ ১০ ব্যাংকের মধ্যে এখন ৭টিই চীনের রাষ্ট্রায়ত্ত ব্যাংক। আন্তর্জাতিক সাময়িকী দ্য ব্যাংকার-এর প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের চারটি বৃহত্তম ব্যাংকই চীনের—ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অব চায়না (আইসিবিসি), চায়না কনস্ট্রাকশন ব্যাংক, অ্যাগ্রিকালচারাল ব্যাংক অব চায়না এবং ব্যাংক অব চায়না। এদের পরেই পঞ্চম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের জেপিমরগান চেজ।
এবারই প্রথমবারের মতো পোস্টাল সেভিংস ব্যাংক অব চায়না শীর্ষ ১০–এর তালিকায় জায়গা করে নিয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ব্যাংক অব আমেরিকা ও সিটিগ্রুপ যথাক্রমে ষষ্ঠ ও অষ্টম স্থানে রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, তালিকাভুক্ত চীনা ব্যাংকগুলোর মোট সম্পদের পরিমাণ ৫৪ দশমিক ৮ ট্রিলিয়ন মার্কিন ডলার, যা একই তালিকায় থাকা যুক্তরাষ্ট্রের ব্যাংকগুলোর মোট ২৫ ট্রিলিয়ন ডলারের সম্পদের দ্বিগুণেরও বেশি।
তবে সম্পদের দিক থেকে এগিয়ে থাকলেও মুনাফার ক্ষেত্রে এখনো এগিয়ে রয়েছে মার্কিন ব্যাংকগুলো। বিশ্বের শীর্ষ এক হাজার ব্যাংকের মধ্যে চীনা ব্যাংকগুলোর সম্মিলিত কর-পূর্ব মুনাফা ৩৯২ বিলিয়ন ডলার হলেও, লাভজনকতা ও আয়ের দক্ষতার দিক থেকে মার্কিন ব্যাংকগুলো এখনো এগিয়ে রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনের বিশ্লেষকদের মতে, চীনের ব্যাংকিং খাতের এই সম্প্রসারণ দেশটির বৃহত্তর আর্থিক কৌশলের অংশ। আন্তর্জাতিক বাণিজ্যে ইউয়ানের ব্যবহার বাড়ানো, বিকল্প আন্তসীমান্ত অর্থায়ন ব্যবস্থা গড়ে তোলা এবং বিদেশে ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে বৈশ্বিক আর্থিক ব্যবস্থায় নিজেদের প্রভাব বাড়াতে কাজ করছে বেইজিং।
দ্য ব্যাংকার-এর প্রধান সম্পাদক সিলভিয়া পাভোনি বলেন, আন্তর্জাতিক পরিসরে চীনা ব্যাংকগুলোর সম্প্রসারণ এবং ইউয়ানের আন্তর্জাতিকীকরণ ভবিষ্যতে তাদের প্রবৃদ্ধি ও মুনাফা বৃদ্ধির অন্যতম চালিকাশক্তি হবে। বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও ভূরাজনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও চীনের ব্যাংকিং খাতের সক্ষমতা ও স্থিতিশীলতা আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
সূত্র: দ্যা স্টার