ইরানের তেল আমদানিতে চীনা কোম্পানিগুলোকে ছাড় দিতে পারেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
  ১৫ মে ২০২৬, ২২:২৩

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান থেকে তেল আমদানির দায়ে অভিযুক্ত চীনা কোম্পানিগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি তিনি বিবেচনা করছেন। চলমান যুদ্ধ এবং বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতার মধ্যেই ট্রাম্প এমন ইঙ্গিত দিলেন।
চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে ফেরার পথে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এই তথ্য নিশ্চিত করেন। 
ট্রাম্প বলেন, আমরা বিষয়টি নিয়ে আলোচনা করেছি এবং আগামী কয়েক দিনের মধ্যে আমি চূড়ান্ত সিদ্ধান্ত নেব।
সাংবাদিকরা ট্রাম্পের কাছে জানতে চেয়েছিলেন, পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করতে ইরানের ওপর চাপ সৃষ্টির বিষয়ে শি জিনপিং কোনো দৃঢ় প্রতিশ্রুতি দিয়েছেন কি না। জবাবে ট্রাম্প জানান, তিনি কারো কাছ থেকে কোনো সুবিধা বা আনুকূল্য আশা করছেন না। তিনি বলেন, কারো কাছ থেকে সুবিধা নিলে বিনিময়ে নিজেকেও সুবিধা দিতে হয়। তবে ট্রাম্প বিশ্বাস করেন, শি জিনপিং নিজেই হরমুজ প্রণালি উন্মুক্ত দেখতে চান। কারণ চীন তাদের প্রয়োজনীয় তেলের একটি বড় অংশ পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে আমদানি করে। এই প্রসঙ্গে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের এই অঞ্চলের তেলের কোনো প্রয়োজন নেই।
জ্বালানি বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপলার-জানায়, ইরান বিশ্বের অন্যতম শীর্ষ তেল উৎপাদনকারী দেশ। ২০১৫ সালে দেশটি দৈনিক গড়ে প্রায় ১৬ লাখ ৯০ হাজার ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি করেছে। 
মার্কিন প্রশাসনের দাবি, ইরানের এই রপ্তানি করা তেলের প্রায় ৯০ শতাংশই যায় চীনে। তবে বেইজিং বরাবরই ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞার বিরোধিতা করে আসছে এবং নিজেরাও ইরানের তেলের ওপর কোনো নিষেধাজ্ঞা দেয়নি।
যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞার কারণে ইরান সাধারণত পুরনো এবং পরিচয় গোপনকারী ট্যাঙ্কার বহরের মাধ্যমে বিশ্ববাজারে তেল সরবরাহ করে থাকে। বিশ্লেষকরা জানিয়েছেন, চীন আনুষ্ঠানিকভাবে ইরান থেকে তেল আমদানির কথা স্বীকার করে না। অনেক সময় ট্র্যাকিং এড়াতে এই তেলের উৎস মালয়েশিয়া হিসেবে ভুলভাবে প্রদর্শন করা হয়। বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে ট্রাম্পের এই সম্ভাব্য সিদ্ধান্ত বৈশ্বিক জ্বালানি রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: সিএনএন।