নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন

খামেনির উত্তরসূরি হিসেবে এগিয়ে ছেলে মোজতবা হোসেইনি খামেনি 

আন্তর্জাতিক ডেস্ক
  ০৪ মার্চ ২০২৬, ১২:১৩

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা হোসেইনি খামেনি দেশটির পরবর্তী সুপ্রিম লিডার বা সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন। বিশ্বস্ত সূত্রের বরাতে এ খবর প্রথম প্রকাশ করে লন্ডন থেকে পরিচালিত ফার্সি ভাষার স্যাটেলাইট টেলিভিশন ইরান ইন্টারন্যাশনাল। ইসরায়েলি ও মার্কিন কিছু সংবাদ মাধ্যমেও এমন তথ্য জানানো হয়েছে। 
এসব সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্টস খামেনির ছেলে মোজতবাকে পরবর্তী সুপ্রিম লিডার বা সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করেছে। তবে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এ বিষয়ে কিছু জানানো হয়নি। 
নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের জন্য দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ ধর্মীয় নেতারা মঙ্গলবার আলোচনার জন্য বৈঠক করেন। আলোচনার সাথে পরিচিত তিনজন ইরানি কর্মকর্তার মতে, মোজতবা হোসেইনি খামেনি স্পষ্টভাবে এগিয়ে আছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে আরও বলা হয়েছে, ধর্মীয় নেতারা বুধবার সকালেই মোজতবা খামেনিকে তার বাবার উত্তরসূরি হিসেবে ঘোষণা করার কথা বিবেচনা করছেন। কিন্তু কেউ কেউ এতে আপত্তি জানিয়েছেন। তাদের আশঙ্কা- এতে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারেন।  
কর্মকর্তাদের মতে, বিশেষজ্ঞ পরিষদ (অ্যাসেম্বলি অব এক্সপার্টস) নামে পরিচিত ধর্মীয় নেতারা সকালে ও সন্ধ্যায় দুটি ভার্চুয়াল বৈঠক করেছেন।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ইরানে বিষয়ে বিশেষজ্ঞ ভালি নাসর বলেছেন, নতুন সুপ্রিম লিডার হিসেবে মোজতবা হোসেইনি খামেনি আশ্চর্যজনক পছন্দ। 
নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, মোজতবাকে খামেনির উত্তরসূরি হিসেবে বেছে নেওয়ার বিষয়টিকে ইরানের কট্টরপন্থিদের বিজয় হিসেবেই দেখা হচ্ছে। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন  আয়াতুল্লাহ আলী খামেনি। ৩৬ বছর ইরানের শাসনক্ষমতায় নেতৃত্ব দেন খামেনি।  
ইরানের রেভল্যুশনারি গার্ডস টেলিগ্রামে জানিয়েছে, খামেনিকে মাশহাদে দাফন করা হবে এবং তেহরানে একটি বড় স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হবে। তবে দাফনের তারিখ এখনো ঘোষণা করা হয়নি।
খামেনির কোনো মনোনীত উত্তরসূরি ছিল না। পরবর্তী নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত আয়াতুল্লাহ আলিরেজা আরাফি, প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান এবং প্রধান বিচারপতি গোলামহোসেইন মোহসেনি এজেইকে নিয়ে গঠিত তিন সদস্যের অন্তর্বর্তী পরিষদ সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করছিল।