
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে একটি বাণিজ্য চুক্তিতে সম্মত হওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র ভারত থেকে আসা পণ্যের উপর শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করবে।
ট্রুথ সোশ্যালে দেওয়া একটি পোস্টে ট্রাম্প বলেছেন যে, ভারত বাণিজ্য বাধা শূন্যে নামিয়ে আনবে এবং রাশিয়ান তেল কেনাও বন্ধ করবে।
রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে দিল্লির অস্বীকৃতির জন্য আরোপিত অতিরিক্ত ২৫ শতাংশ শুল্কও প্রত্যাহার করা হবে।
প্রায় দুই দশক ধরে চলমান আলোচনার অবসান ঘটিয়ে ভারত এবং ইউরোপীয় ইউনিয়ন একটি যুগান্তকারী বাণিজ্য চুক্তি ঘোষণা করার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এই ঘোষণাটি এলো।
এর আগে, সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া একটি পোস্টে চুক্তির বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রীও। মি. মোদী বলেছেন, আমেরিকার সাথে একটি চুক্তি হওয়ায় তিনি "আনন্দিত"।
এদিকে, নিজের পোস্টে ট্রাম্প লিখেছেন, নরেন্দ্র মোদীর সাথে সকালের ফোনালাপে বাণিজ্য এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনাও অন্তর্ভুক্ত ছিল।
"তিনি রাশিয়ান তেল কেনা বন্ধ করতে এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং সম্ভবত ভেনেজুয়েলা থেকে আরও অনেক তেল কিনতে সম্মত হয়েছেন," বলেও উল্লেখ করেছেন ট্রাম্প।
ট্রাম্প আরও বলেন, মোদির অনুরোধে তিনি তাৎক্ষণিকভাবে "একটি বাণিজ্য চুক্তিতে সম্মত হয়েছেন" যার মাধ্যমে শুল্ক কমানো হবে এবং ভারতের শুল্ক এবং অ-শুল্ক বাধা শূন্যে নেমে আসবে।
ট্রাম্প আর মোদীর ভাষ্যে 'ফারাক'
ভারতের সাথে বাণিজ্য চুক্তি চূড়ান্ত হওয়ার ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পোস্টের কিছুক্ষণের মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার এক্স হ্যান্ডেলে লেখেন, "আমার প্রিয় বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে কথা বলে খুবই আনন্দিত। এটা জেনে খুব খুশি হয়েছি যে 'মেড ইন ইন্ডিয়া'র অধীনে উৎপাদিত পণ্যের ওপরে এখন ১৮ শতাংশ শুল্ক দিতে হবে। এই দারুণ ঘোষণার জন্য ভারতে ১৪০ কোটি মানুষের পক্ষ থেকে প্রেসিডেন্ট ট্রাম্পকে অনেক-অনেক ধন্যবাদ।"
"যখন দুটি বৃহৎ অর্থনীতি এবং বিশ্বের বৃহত্তম গণতন্ত্র একসাথে কাজ করে, তখন এটি আমাদের জনগণের উন্নয়ন করে এবং পারস্পরিক সহযোগিতার জন্য প্রচুর সুযোগ তৈরি করে," তিনি আরও যোগ করেন।
প্রসঙ্গত, 'মেড ইন ইন্ডিয়া' হলো ভারত সরকারের একটি বিশেষ প্রকল্প, যাতে দেশীয় পণ্য উৎপাদনে উৎসাহ প্রদান করা হয় নানা ভাবে।
তবে ট্রাম্প যে বলেছেন রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করবে ভারত, মি. মোদীর পোস্টে এর উল্লেখ নেই।
আবার মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন যে যুক্তরাষ্ট্রের পণ্যের ওপরে শুল্ক শূন্যে নামিয়ে আনা হবে, নরেন্দ্র মোদীর পোস্টে এটারও উল্লেখ নেই।
মি. ট্রাম্প লিখেছেন যে ভারত আমেরিকার কাছ থেকে ৫০০ কোটি ডলার মূল্যে পণ্য কিনবে, তবে ভারতের তরফ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
দক্ষিণ এশিয়ার বৈশ্বিক রাজনীতির ওপরে নজর রাখা বিশ্লেষক মাইকেল কুগলম্যান এক্স হ্যান্ডেলে লিখেছেন, "ট্রাম্প দাবি করছেন যে মোদী রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করার ব্যাপারে সহমত হয়েছেন। আমার এই ব্যাপারে সন্দেহ আছে"।
"যদিও নভেম্বরে রাশিয়ার ওপরে নতুন মার্কিন নিষেধাজ্ঞা জারি হওয়ার পরে ভারত রাশিয়া থেকে তেল আমদানি কমিয়েছে। আমেরিকার সাথে ভারতের বাণিজ্য চুক্তি নিয়ে এখনো অনেক বিষয়ই স্পষ্ট নয়। ভারত কি কৃষির মতো সংবেদনশীল ক্ষেত্র উন্মুক্ত করে দেবে? আগে কোনো সমঝোতা না হওয়ার পেছনে তো এটাই একটি বড় কারণ ছিল," লিখেছেন মি. কুগলম্যান।
মি. ট্রাম্প যে দাবি করেছেন যে ভারত ৫০০ কোটি ডলার মূল্যের পণ্য আমেরিকা থেকে আমদানি করবে, তা নিয়েও সন্দেহ আছে। দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ২০২৪ সালে ছিল ২১২ কোটি ডলার।