
আন্তর্জাতিক অঙ্গনে দীর্ঘদিনের উজ্জ্বল উপস্থিতি আর সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ভারতের মর্যাদাপূর্ণ ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত হচ্ছেন কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা। ১৫তম দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে।
আগামী ৪ মে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ও দাদাসাহেব ফালকে পুরস্কারপ্রাপ্ত নির্মাতা আদুর গোপালকৃষ্ণন আনুষ্ঠানিকভাবে উৎসবের উদ্বোধন করবেন। পাঁচ দিনব্যাপী এই আয়োজন চলবে ৮ মে পর্যন্ত। এবারের আসরে বিশ্বের ৬০টিরও বেশি দেশের প্রায় ১৭৫টি চলচ্চিত্র প্রদর্শিত হবে, যা উৎসবটিকে বৈশ্বিক চলচ্চিত্র বিনিময়ের এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত করেছে।
উৎসবটির আয়োজনে সহযোগিতা করছে ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় এবং ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস।
এ সম্মাননা প্রাপ্তির অনুভূতি জানাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় রুনা লায়লা বলেন, “আন্তর্জাতিক এই চলচ্চিত্র উৎসবের অংশ হতে পেরে এবং একটি সম্মাননা গ্রহণ করতে পেরে আমি সত্যিই আনন্দিত। উৎসবের সভাপতি রাম কিশোরকে ধন্যবাদ জানাই। পাশাপাশি ইন্দিরা গান্ধী শিল্প পরিষদ, তথ্য মন্ত্রণালয় ও সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
আশাবাদ ব্যক্ত করে রুনা লায়লা বলেন, “এটি বিশ্বজুড়ে সৃজনশীল মানুষদের একত্রিত করার একটি বড় উদ্যোগ। আমি বিশ্বাস করি, এই আয়োজন একটি বড় সাফল্যে পৌঁছাবে। এ জন্য আমার পক্ষ থেকে রইল আন্তরিক শুভকামনা।”
‘মিনার-ই-দিল্লি’ সম্মাননাটি এই উৎসবের অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি। এর আগে এই সম্মাননা পেয়েছেন শর্মিলা ঠাকুর, সুভাষ ঘাই, শত্রুঘ্ন সিনহা এবং রণধীর কাপুরসহ ভারতীয় চলচ্চিত্রাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্বরা।
আয়োজকদের মতে, রুনা লায়লার মতো একজন কিংবদন্তি শিল্পীকে সম্মানিত করার মাধ্যমে এবারের উৎসব নতুন মাত্রা পেয়েছে, যা আন্তর্জাতিক অঙ্গনে দক্ষিণ এশিয়ার সাংস্কৃতিক উপস্থিতিকে আরো দৃঢ়ভাবে তুলে ধরবে।