ক্যানসারের কাছে হেরে গেলেন ব্র্যাড আর্নল্ড

বিনোদন ডেস্ক
  ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৩২

ক্যানসারের সঙ্গে বছরখানেক লড়াইয়ের পর অবশেষে হার মানলেন গ্র্যামি-মনোনীত জনপ্রিয় রক ব্যান্ড ‘থ্রি ডোরস ডাউন’ এর প্রধান ভোকালিস্ট ব্র্যাড আর্নল্ড।  তার বয়স হয়েছিল ৪৭ বছর।  তিনি ছিলেন ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য এবং মূল ড্রামার। 
শনিবার (৭ ফেব্রুয়ারি) নিজ বাসায় ঘুমের মধ্যেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।  আর্নল্ড দীর্ঘদিন স্টেজ–৪ কিডনি ক্যানসারে ভুগছিলেন।  তথ্যটি নিশ্চিত করে ব্যান্ডের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয়, স্ত্রী ও পরিবারের সদস্যদের পাশে নিয়েই শান্তিপূর্ণভাবে মারা যান ব্র্যাড। 
এর আগে ২০২৫ সালের মে মাসে প্রথম এই গায়ক ও গীতকার প্রকাশ্যে জানান- তার শরীরে স্টেজ–৪ ক্লিয়ার সেল রেনাল কার্সিনোমা ধরা পড়েছে, যা পরে ফুসফুসেও ছড়িয়ে পড়ে। ক্যানসারের খবর জানানোর সময় ব্র্যাড বলেছিলেন, ‘আমি ভয় পাই না। সত্যিই ভয় পাচ্ছি না। সুযোগ পেলেই আমার জন্য প্রার্থনা করবেন।’ 
তার অসুস্থতার কারণে সেসময়ে ব্যান্ডটিকে তাদের ট্যুরও বাতিল করতে হয়েছিল। 
‘থ্রি ডোরস ডাউন’ ১৯৯৬ সালে মিসিসিপিতে গঠিত হয়। প্রথম অ্যালবাম প্রকাশের পরই তারা বিশ্বজুড়ে ব্যাপক সাড়া ফেলে দেয়।  ‘দ্য বেটার লাইফ’ শিরোনামের এই অ্যালবামটি তখন ৬ মিলিয়নের বেশি কপি বিক্রি হয়। 
এখন পর্যন্ত ব্যান্ডটি মোট ছয়টি অ্যালবাম প্রকাশ করেছে এবং একাধিক গ্র্যামি মনোনয়ন ও বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ড অর্জন করেছে।  এদিকে ব্র্যাড আর্নল্ডের লেখা ক্রিপ্টোনাইট,  হেয়ার উইথাউট ইউ, হোয়েন আই এম গন, ও লুজার- গানগুলো তার খ্যাতিতে বিশেষ মাত্রা যোগ করেছিল।