ভিসা আবেদনকারীদের জন্য ঢাকাস্থ মার্কিন দূতাবাসের কড়া সতর্কবার্তা

ডেস্ক রিপোর্ট
  ০৪ অক্টোবর ২০২৬, ১৪:১৬

মার্কিন ভিসার সাক্ষাৎকারে আবেদনকারীদের কোনো তথ্য গোপন না করে সত্য ও সঠিক তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। একই সঙ্গে সতর্ক করে বলা হয়েছে, সাক্ষাৎকারের সময় মিথ্যা তথ্য বা জাল নথি উপস্থাপন করলে শুধু ভিসা আবেদন বাতিলই নয়, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রেও স্থায়ী নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে।
শনিবার (৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিসা সতর্কবার্তায় এ তথ্য জানায় মার্কিন দূতাবাস। অনুমোদিত সময়ের বেশি থাকলেই নিষেধাজ্ঞা, সতর্ক করল মার্কিন দূতাবাস।
সতর্কবার্তায় বলা হয়, ভিসা সাক্ষাৎকারের সময় কনস্যুলার কর্মকর্তারা আবেদনকারীর অতীতের অভিবাসন-সংক্রান্ত আইন লঙ্ঘন বা অনিয়মের তথ্য সম্পর্কে অবগত থাকতে পারেন। তাই আবেদনকারীদের কোনো তথ্য গোপন করা, ভুল তথ্য দেওয়া কিংবা বিভ্রান্তিকর বক্তব্য উপস্থাপন করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
দূতাবাস আরও জানায়, ভিসা আবেদন প্রক্রিয়ায় সত্য ও নির্ভুল তথ্য প্রদান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো আবেদনকারী ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য দিলে বা জাল নথিপত্র জমা দিলে তার ভিসা আবেদন প্রত্যাখ্যাত হতে পারে। পাশাপাশি, প্রযোজ্য আইনের আওতায় ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে স্থায়ীভাবে অযোগ্য ঘোষিত হওয়ার ঝুঁকিও রয়েছে।
দূতাবাসের পরামর্শ, ভিসা সাক্ষাৎকারে নিজের ভ্রমণের উদ্দেশ্য, পূর্ববর্তী অভিবাসন-সংক্রান্ত তথ্য এবং প্রয়োজনীয় নথিপত্র সম্পর্কে স্বচ্ছ ও সঠিক তথ্য প্রদান করা উচিত।