
নিউইয়র্কে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘দোহার উপজেলা সমিতি ইউএসএ ইনক’-এর নতুন কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান। গত ১৩ জুন জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারপতি সোমা এস সাঈদ।
এদিন সন্ধ্যা ৭টায় শুরু হওয়া এই বর্ণাঢ্য আয়োজনের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন ও সমিতির নতুন দায়িত্বপ্রাপ্তদের শপথপাঠ করানো হয়। এ সময় তাদের ফুল দিয়ে বরণ করে নেন আমন্ত্রিত অতিথিরা। অভিষেক অনুষ্ঠানে ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে মোস্তফা কামাল মুকুল এবং সাধারণ সম্পাদক হিসেবে রবিউল আলম নতুন নেতৃত্বের দায়িত্বভার গ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা সমিতির উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং প্রবাসে দোহারবাসীসহ সমগ্র বাঙালিদের ভ্রাতৃত্ববোধ ও ঐক্য আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। নবগঠিত কমিটির সদস্যরা উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই সমিতি প্রবাসে দোহারের মানুষের বিপদে-আপদে পাশে থাকার পাশাপাশি কমিউনিটির উন্নয়নে নিরলস কাজ করে যাবে।
দিনব্যাপী এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। প্রখ্যাত শিল্পীদের গানে ও পরিবেশনায় হলভর্তি দর্শক বিমোহিত হন।
আয়োজক কমিটির আহ্বায়ক দুলাল বেহেদু, সদস্য সচিব আবুল কালাম আজাদ, প্রধান পৃষ্ঠপোষক শাহিনুর রহমান বিপ্লব, প্রধান সমন্বয়ক আব্দুল আজীজ এবং সার্বিক তত্ত্বাবধায়ক সাইফুর রহমান টুটুলসহ সংশ্লিষ্টদের উদ্যোগে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।