নিউইয়র্কে বাসস্থান সংকটে বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী

ডেস্ক রিপোর্ট
  ২৬ মার্চ ২০২৬, ১৪:১৬


নিউইয়র্কে একটি বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক বাজেট শুনানিতে শিক্ষার্থীদের বাসস্থানের সংকটের চিত্র উঠে এসেছে। গত ২০ মার্চ শুক্রবার অনুষ্ঠিত ওই শুনানিতে ভাইস চ্যান্সেলর আলিসিয়া আলভেরো জানান, চলতি বছরের মধ্যে প্রায় ৮,০০০ শিক্ষার্থী হোমলেস বা স্থায়ী বাসস্থানের অভাবে ভুগেছেন। এটি একটি দ্বিবার্ষিক ছাত্রছাত্রী জরিপের প্রাথমিক অনুমান।তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থী জনসংখ্যার প্রায় ৫ শতাংশ গত এক বছরে বাসস্থানের অনিশ্চয়তার মুখোমুখি হয়েছে।
এই হিসাবে প্রায় ৭,৮৭১ জন শিক্ষার্থী হাউজিং সংকটে পড়েছেন। বিশেষ করে ২০২৪ সালে কমিউনিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে এই হার তুলনামূলকভাবে বেশি দেখা গেছে।
জরিপে উঠে এসেছে আরও উদ্বেগজনক তথ্য।
অংশগ্রহণকারীদের প্রায় ২০ শতাংশ জানিয়েছেন, তারা ভাড়া বা মর্টগেজ সম্পূর্ণ বা আংশিকভাবে পরিশোধ করতে পারেননি। অনেক শিক্ষার্থীকে একাধিকবার বাসস্থান পরিবর্তন করতে হয়েছে, আবার কেউ কেউ বাধ্য হয়েছেন বন্ধু বা আত্মীয়দের বাড়িতে অস্থায়ীভাবে থাকতে। এ বিষয়ে সিটি কাউন্সিল সদস্য রিতা জোসেফ বলেন, “এই সংখ্যাগুলো অত্যন্ত উদ্বেগজনক। শিক্ষার্থীদের হোমলেসনেস কেবল ব্যক্তিগত সংকট নয়, এটি শহরের শিক্ষা ও সামাজিক নিরাপত্তা ব্যবস্থার জন্যও একটি বড় সতর্কবার্তা।”
অন্যদিকে, ‘অ্যাডভোকেটস ফর চিলড্রেন অব নিউইয়র্ক’-এর ২০২৪-২০২৫ সালের এক গবেষণায় দেখা গেছে, নিউইয়র্ক সিটির পাবলিক স্কুল শিক্ষার্থীদের মধ্যে হোমলেসনেস রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। সমীক্ষা অনুযায়ী, প্রতি সাতজন শিক্ষার্থীর মধ্যে একজন পুরো বছরজুড়ে বাসস্থানের অভাবের সম্মুখীন হয়েছে।
জাতীয় পর্যায়েও পরিস্থিতি উদ্বেগজনক। ‘স্কুলহাউস কানেকশন’-এর গবেষণা বলছে, গত বছরে প্রায় ১৪ শতাংশ কলেজ শিক্ষার্থী হোমলেস ছিলেন। বিশেষজ্ঞদের মতে, ক্রমবর্ধমান ভাড়া, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং পর্যাপ্ত সাশ্রয়ী আবাসনের অভাব—এই সংকটের প্রধান কারণ। তারা শিক্ষার্থীদের জন্য জরুরি ভিত্তিতে টেকসই হাউজিং সহায়তা ও নীতিগত উদ্যোগ নেওয়ার ওপর জোর দিয়েছেন।