চট্টগ্রাম বন্দরের অনুমতি ছাড়া ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা

ডেস্ক রিপোর্ট
  ০৭ অক্টোবর ২০২৬, ০০:০৯


চট্টগ্রাম বন্দরের সংবেদনশীল স্থাপনা, নিরাপত্তা ব্যবস্থা ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর ছবি বা ভিডিও ধারণ এবং তা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে বন্দর কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৬ অক্টোবর) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্তৃপক্ষের পূর্বানুমোদন ছাড়া বন্দরের নিরাপত্তা ব্যবস্থা, সংরক্ষিত এলাকা, নজরদারি সক্ষমতা, স্থাপনার অভ্যন্তরীণ বিন্যাস ও অপারেশনাল তথ্য প্রকাশ বা প্রচার করা সম্পূর্ণ বেআইনি। এ নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বন্দর কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, পূর্বানুমতি ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন প্ল্যাটফর্ম, মূলধারার গণমাধ্যম বা অন্য কোনো মাধ্যমে বন্দরের প্রবেশ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা, যোগাযোগ কাঠামো, সিসিটিভি বা নজরদারি ব্যবস্থা, জাহাজ ও কার্গো হ্যান্ডলিংয়ের অননুমোদিত ছবি, ভিডিও, স্কেচ বা যেকোনো ধরনের তথ্য সংগ্রহ ও প্রচার থেকে সবাইকে বিরত থাকতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, চট্টগ্রাম বন্দর দেশের প্রধান সামুদ্রিক প্রবেশদ্বার এবং জাতীয় অর্থনীতি, বৈদেশিক বাণিজ্য ও আমদানি-রপ্তানির মূল চালিকাশক্তি। আন্তর্জাতিক মানদণ্ড ও জাতীয় নিরাপত্তা বিধিমালা মেনে পরিচালিত হওয়ায় বন্দরটি আন্তর্জাতিক জাহাজ ও বন্দর স্থাপনা নিরাপত্তা (আইএসপিএস) কোডে ‘জিরো অবজারভেশন’ অর্জন করেছে। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ‘ক’ শ্রেণির কেপিআই (কি পয়েন্ট ইনস্টলেশন) হিসেবে বন্দরের নিরাপত্তা অক্ষুণ্ণ রাখা সরাসরি জাতীয় স্বার্থের সঙ্গে জড়িত।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আইন ২০২২-এর ১২ ধারা অনুযায়ী বন্দরের সুষ্ঠু পরিচালনা ও সর্বসাধারণের প্রবেশাধিকার নিয়ন্ত্রণের স্বার্থে বন্দর সীমানার পুরো এলাকা সংরক্ষিত হিসেবে গণ্য। এছাড়া অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট-১৯২৩-এর বিধান অনুযায়ী রাষ্ট্রের নিরাপত্তা ও স্বার্থসংশ্লিষ্ট স্পর্শকাতর স্থাপনার নকশা, ছবি বা তথ্য অনুমতি ছাড়া ধারণ ও প্রকাশ করা আইনত দণ্ডনীয় অপরাধ। তাই সংরক্ষিত ও নিরাপত্তাসংক্রান্ত এলাকায় যেকোনো ধরনের অনুমতিবিহীন কার্যক্রম কঠোরভাবে পরিহার করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।