এসপি মাসুদের কাছে দোযখ-জাহান্নামের সংজ্ঞা জানতে চাইলেন ‘সন্ত্রাসী’ রায়হান

ডেস্ক রিপোর্ট
  ০৪ আগস্ট ২০২৬, ১৮:০৫


পুলিশের তালিকায় থাকা শীর্ষ সন্ত্রাসী রায়হান আলম সামাজিক যোগাযোগমাধ্যমে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মাসুদ আলমকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। নিজের ফেসবুক আইডি থেকে এসপিকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন, ‘দোযখ আর জাহান্নামে তফাৎ কি মাসুদ স্যার?’
রোববার (২ জুলাই) নিজের ফেসবুক অ্যাকাউন্টে এই স্ট্যাটাস দেন রায়হান। সোমবার (৩ জুলাই) বিষয়টি জানাজানি হয়।
সম্প্রতি নোয়াখালীতে রায়হানকে ধরতে এক অভিযান চালায় পুলিশ। অভিযানে তাকে প্রায় ধরে ফেলেছিল পুলিশ। তবে শেষ মুহূর্তে ছাদ থেকে লাফিয়ে গ্রেফতার এড়িয়ে পালিয়ে যান রায়হান। 
পরদিন এক সংবাদ সম্মেলনে এসপি মাসুদ আলম মন্তব্য করেন, ‘রায়হান কোনোভাবে ছাদ থেকে লাফিয়ে পালিয়ে গেছে। তবে সে জাহান্নাম না দেখলেও দোযখ দেখে ফেলেছে।’ 
ধারণা করা হচ্ছে, পুলিশ সুপারের সেই মন্তব্যের জেরেই ফেসবুকে এই পোস্ট দিয়েছেন রায়হান। পোস্টে রায়হান নোয়াখালীর স্থানীয় কিছু বাসিন্দাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লিখেছেন, ‘ধন্যবাদ নোয়াখালী রংমালার মানুষদের। তারা এমন নিখুঁতভাবে আমার পাশে দাঁড়িয়েছে।’ 
রায়হান উল্লেখ করেন, বিপদে সব ধরনের মানুষই সাহায্য আশা করে, যা সে নোয়াখালী থেকে পেয়েছে। 
সুযোগ পেলে ভালো পথে ফিরে আসার ইঙ্গিত দিয়ে তিনি লিখেছেন, ‘বিপদ আসবেই, তাই বলে হতাশ হওয়ার সুযোগ নেই।’
সোমবার সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মাসুদ আলম নিজেই সন্ত্রাসী রায়হানের এ ফেসবুক পোস্টের বিষয়টি সামনে আনেন। পুলিশ সুপার বলেন, ‘আমরা তাকে ধরতে ওই এলাকায় প্রায় ৫ ঘণ্টা চিরুনি অভিযান চালিয়েছিলাম। হতে পারে কেউ তাকে পালিয়ে যেতে কিংবা লুকাতে সাহায্য করেছিল। কিন্তু সুনির্দিষ্ট তথ্য ছাড়া সেটা তো আমরা বলতে পারব না।’
রায়হানের পোস্টে নোয়াখালীবাসীকে ধন্যবাদ জানানোর প্রসঙ্গে মাসুদ আলম বলেন, ‘পুরো নোয়াখালীবাসী তো আর তাকে সাহায্য করেনি। হতে পারে গুটি কয়েক লোক জেনে বা না জেনে তাকে আশ্রয় দিয়েছে। তাকে গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’