
বৈরী আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা গ্রহণ এবং প্রশ্নপত্রে ভুলের অভিযোগে ক্ষোভ প্রকাশ করে একদল শিক্ষার্থী রাজধানীর শিক্ষা ভবনের সামনে প্রায় দেড় ঘণ্টা অবস্থান কর্মসূচির পর শাহবাগ মোড় অবরোধ করেছেন।
বুধবার (১৫ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে অবস্থান নিলে ওই সড়ক দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
অবরোধ চলাকালে বিক্ষোভকারীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ বেলা আড়াইটার দিকে একদল শিক্ষার্থী রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন। সেখানে কিছুক্ষণ অবস্থান শেষে ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচির অংশ হিসেবে তারা সচিবালয়ের উদ্দেশে যাত্রা করেন।
বিকেল ৪টার দিকে শিক্ষা ভবনের সামনে পৌঁছালে পুলিশি ব্যারিকেডের মুখে পড়েন শিক্ষার্থীরা। এরপর তারা সেখানেই অবস্থান নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকেন। প্রায় দেড় ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন শেষে বিকেল সাড়ে ৫টার দিকে শিক্ষার্থীরা শাহবাগ মোড়ের দিকে যান, যেখানে পরে তারা সড়ক অবরোধ করেন।
শাহবাগে অবস্থান কর্মসূচিতে মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী রোহান হাসনাত জিহাদ বলেন, ‘আমাদের দাবি এখন একটাই। শিক্ষামন্ত্রীর পদত্যাগ। যে শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের জীবন নিয়ে অবহেলা করছে, তাকে পদত্যাগ করতে হবে।’